
শেষ আপডেট: 12 January 2023 07:19
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলে আফগানিস্তানের কাবুলে (Kabul) বিদেশ মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা (Bombing) হামলার ঘটনায় দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (ISIS)। জঙ্গিগোষ্ঠীটির মুখপত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে যে, আইএসের এক সদস্য এই হামলাটি চালিয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে ওই আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সেই সঙ্গে আহত প্রায় ৪০ জন। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
কাবুলে বর্তমানে তালিবান শাসন চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এদিন বিদেশ মন্ত্রকের বাইরে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে চিনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল।
বিস্ফোরণের পর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলেও জানা গিয়েছে। তবে কৌতূহলের বিষয় ছিল, এই আত্মঘাতী হানার নেপথ্যে কারা রয়েছে, তা বের করা। তবে ২৪ ঘণ্টা কাটার আগেই আইএস জঙ্গিগোষ্ঠী সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
আফগানিস্তানে তালিবান শাসনে এ ধরনের নাশকতা কমবে বলেই অনেকে মনে করেছিল। কিন্তু ঘটছে উল্টো। এ মাসের গোড়াতেও কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাতেও ঘটনার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গিগোষ্ঠী।