মুম্বইয়ে ছাত্রবিক্ষোভে 'ফ্রি কাশ্মীর' প্ল্যাকার্ড কেন? কটাক্ষ দেবেন্দ্রর, তদন্তে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে হামলার প্রতিবাদে রবিবার রাত থেকে মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশ ছাত্রছাত্রী। সেখানে বিক্ষোভ চলে মঙ্গলবার সকাল পর্যন্ত। সোমবার রাতে দেখা যায়, এক তরুণী 'ফ্রি কাশ্মীর' লেখা প্ল্যাকার্ড হাতে দাঁ
শেষ আপডেট: 7 January 2020 09:46
দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে হামলার প্রতিবাদে রবিবার রাত থেকে মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশ ছাত্রছাত্রী। সেখানে বিক্ষোভ চলে মঙ্গলবার সকাল পর্যন্ত। সোমবার রাতে দেখা যায়, এক তরুণী 'ফ্রি কাশ্মীর' লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। সেই তরুণী জানিয়েছেন, তাঁর নাম মেহক মির্জা প্রভু। কেন ছাত্রবিক্ষোভে ওই প্ল্যাকার্ড আনা হয়েছিল, তদন্ত করে দেখছে পুলিশ।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রামসিংহ নিশানদার বলেন, "ব্যাপারটাকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। গেটওয়ে অব ইন্ডিয়ায় ফ্রি কাশ্মীর স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গিয়েছে। আমরা অবশ্যই এসম্পর্কে তদন্ত করে দেখছি।"
ওই প্ল্যাকার্ড নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি টুইট করে বলেন, "ওখানে ঠিক কী ধরনের বিক্ষোভ হচ্ছিল? ফ্রি কাশ্মীর বলে স্লোগান দেওয়া হয়েছে কেন?" মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে তিনি বলেন, "উদ্ধবজি, আপনি কি নাকের ডগায় এভাবে ভারতবিরোধী প্রচার চলতে দেবেন?"
https://twitter.com/Dev_Fadnavis/status/1214209648238055426
মেহক অবশ্য ইউ টিউবে ভিডিও পোস্ট করে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বলেন, "আমি ৬ জানুয়ারি সন্ধ্যা সাতটার সময় গেটওয়ে অব ইন্ডিয়ায় গিয়েছিলাম। আমি জানতাম সেখানে নাগরিকত্ব আইন ও জেএনইউতে হামলার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।" সেখানে মেহক নাকি ফ্রি কাশ্মীর লেখা প্ল্যাকার্ডটি পড়ে থাকতে দেখেন।

তাঁর কথায়, "আমি দেখলাম ফ্রি কাশ্মীর লেখা একটি প্ল্যাকার্ড মাটিতে পড়ে আছে। আমি ভাবলাম, কাশ্মীরের মানুষ যেভাবে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। তাই আমি প্ল্যাকার্ডটি কুড়িয়ে নিয়েছিলাম।"
মুম্বইয়ের আন্দোলনের নাম ছিল 'অকুপাই গেটওয়ে'। কয়েক বছর আগে আমেরিকায় 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে আন্দোলন হয়েছিল। অনেকটা তারই প্রভাবে শুরু হয়েছিল মুম্বইয়ের আন্দোলন। পুলিশ সোমবার অবধি কিছু বলেনি। কিন্তু মঙ্গলবার সকালেই টেনে হিঁচড়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে সরিয়ে দিল বিক্ষোভকারীদের। ছাত্রছাত্রীরা এখন সেখান থেকে দু'কিলোমিটার দূরে আজাদ ময়দানে অবস্থান করছেন।