দ্য ওয়াল ব্যুরো: সকাল সাড়ে ৭টা। কাবুলের একটি বাজার এলাকায় আচমকাই হানা দুই বন্দুকবাজের। শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে তাদের সরাসরি নিশানা এক মহিলার দিকে। কিছু বুঝে ওঠার আগেই পর পর দু’রাউন্ড গুলি। রক্তাক্ত লুটিয়ে পড়লেন মহিলা। মিনা মঙ্গল। প্রাক্তন সাংবাদিক, জনপ্রিয় টিভি সঞ্চালিকা এবং বর্তমানে সংসদের উপদেষ্টা।
কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গেছে মোটরবাইকে চেপে দু’জন বন্দুকবাজ হানা দিয়েছিল ওই বাজারের কাছে। তবে পুলিশ জানিয়েছে, সংখ্যায় তারা দুইয়ের বেশি ছিল। ভিড়ের মধ্যে মিশে মিনার উপর নজরদারি চালানো হচ্ছিল। শনিবার সকালের এই ঘটনায় সন্ধে পর্যন্ত কাওকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।
মিনার পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তাঁর গাড়ি আসে। এ দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তাঁর উপর হামলা চালানো হয়। কী কারণে এই হামলা বা মিনার কোনও শত্রু ছিল কি না সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তাঁরা।
“বাজারে তখন প্রচুর মানুষের ভিড়। দুই যুবক মোটরবাইক থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। তাদের মুখ ঢাকা ছিল। গুলির আওয়াজে ভিড় কমে এলে ওই মহিলার দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে বন্দুকবাজেরা,” জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
এক দশকেরও বেশি সাংবাদিকতার কাজ করেছেন মিনা। তা ছাড়া আরিয়ানা টিভি, সামশাদ টিভি-সহ একাধিক টিভি চ্যানেলের সঞ্চালিকাও ছিলেন তিনি। সম্প্রতি সংসদের নিম্ন কক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। আফগানিস্তানের মহিলাদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে মিনা। তাঁর নিজস্ব পেজও ছিল।
তদন্তকারীদের কথায়, ঘটনার দায় স্বীকার করেনি কোনও সংগঠনই। কাজেই এটা জঙ্গি হামলা কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মিনা মহিলাদের সুরক্ষা ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছেন। আফগানিস্তানের শিশুকন্যাদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে নানা কর্মশালা করেছেন তিনি। সেটাও কোনও গোষ্ঠীর মাথাব্যথার কারণ হতে পারে। হালে নিজের সোশ্যাল মিডিয়া পেজে খুনের হুমকিও পেয়েছিলেন মিনা। এই খুনের তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।