দ্য ওয়াল ব্যুরো : তার নাম আলদি নভেল আদিলাঙ। বয়স ১৯। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বাড়ি। তাদের দেশে রোমপং নাম একরকম মাছ ধরার ফাঁদ পাতে। তাকে দেখতে অনেকটা কুঁড়েঘরের মতো। সেই রোমপং সমুদ্রের নীচে নোঙর করে থাকে। দিনের পর দিন রোমপং সমুদ্রে রেখে দেওয়া হয় ।
আলদির কাজ ছিল প্রতি সপ্তাহে রোমপংয়ে অলো জ্বালিয়ে দিয়ে আসা। কারণ আলোতেই মাছেরা আকর্ষিত হয়ে ফাঁদে পড়ে।
গত ১৪ জুলাই সে রোমপংয়ে আলো জ্বালাতে গিয়েছে, এমন সময় উঠল ঝড়। প্রচণ্ড হাওয়ায় রোমপংয়ের নোঙর ছিঁড়ে গেল। আলদিকে নিয়ে সেই রোমপং ভেসে চলল অকুল সমুদ্রে। আলদি সমুদ্র থেকে মাছ ধরত। রোমপংয়ের কাঠ খুলে আগুন জ্বালিয়ে রান্না করত। কিন্তু সে পানীয় জল কোথায় পেত জানা যায়নি।
সমুদ্রে ভাসতে ভাসতে কোনও জাহাজ দেখলেই সে দৃষ্টি আকর্ষণ করতে চাইত। এমনি করে অন্তত ১০টি জাহাজ তার রোমপংয়ের কাছ দিয়ে চলে গিয়েছে। কিন্তু তাকে দেখতে পায়নি।৩১ অগাস্ট পানামার এক জাহাজ তাকে দেখতে পায়। আলদিকে উদ্ধার করে নিয়ে যায় জাপানে। ৬ সেপ্টেম্বর সে প্লেনে ইন্দোনেশিয়া ফিরে আসে।