দ্য ওয়াল ব্যুরো : সেনসেক্স ও নিফটি (Sensex and Nifty)। শুক্রবার দু'টি শেয়ার সূচকই উঠেছে রেকর্ড উচ্চতায়। সেনসেক্স ১৬৩.১১ পয়েন্ট (০.২৭ শতাংশ) উঠে এদিন পৌঁছেছে ৬০০৪৮.৪৭-এর ঘরে। এই প্রথম ওই শেয়ার সূচক ছাড়াল ৬০ হাজারের গণ্ডি। দিনের শুরুতে সেনসেক্স ৪৪৭.৬৪ পয়েন্ট (০.৭৫ শতাংশ) উঠে গিয়েছিল। তখন ওই সূচক পৌঁছয় ৬০৩৩৩-এর ঘরে। একইভাবে নিফটি এদিন ওঠে ৩০.২৫ পয়েন্ট (০.১৭ শতাংশ)। তা পৌঁছয় ১৭৮৫৩.২০-এর ঘরে। দিনের শুরুতে নিফটি ১৭৯৪৭.৬৫-এর ঘরে পৌঁছেছিল।
সেনসেক্সের অন্তর্গত যে শেয়ারগুলির দাম এদিন সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে আছে এশিয়ান পেন্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল এবং মারুতি সুজুকি ইন্ডিয়া। অন্যদিকে যে শেয়ারগুলির দাম কমেছে, তার মধ্যে আছে টাটা স্টিল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার এবং এনটিপিসি।
নিফটির অন্তর্ভুক্ত শেয়ারগুলির মধ্যে ওবেরয় রিয়েলিটির শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। তার ওপরে ভর করে ১.৫০ শতাংশ উঠেছে নিফটি রিয়েলিটি ইনডেক্স। অন্যদিকে টাটা স্টিল, জিন্দাল স্টিল ও পাওয়ার অ্যান্ড ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির জন্য নিফটি মেটাল সূচক নেমেছে ২.১০ শতাংশ।
গত বৃহস্পতিবারও চাঙ্গা ছিল শেয়ার বাজার। চলতি সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভের বৈঠকে স্থির হয়েছে, সুদের হার কম রাখা হবে। তার পরেই বিশ্ব জুড়ে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। বৃহস্পতিবার একসময় সেনসেক্স ১০৩০ পয়েন্ট উঠে ৫৯৯৫৭.২৫-এর ঘরে পৌঁছায়। এছাড়া ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা সংস্থা ও তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির ওপরে ভর করে নিফটি পৌঁছায় ১৭৮০০-র ঘরে।
বৃহস্পতিবার সেনসেক্স ৫৯৮৮৫.৩৬-এর ঘরে স্থির হয়। সেনসেক্সে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে এদিন যেগুলি সবচেয়ে বেশি লাভবান হয়, তাদের মধ্যে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং লার্সেন অ্যান্ড টুব্রো।
এদিন নিফটির রিয়েলিটি ইনডেক্স বেড়েছে প্রায় নয় শতাংশ। এছাড়া নিফটি ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, মেটাল, তথ্যপ্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ভোগ্যপণ্য এবং তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে দেড় থেকে আড়াই শতাংশ।
বৃহস্পতিবার নিফটিতে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে সবচেয়ে লাভবান হয়েছে বাজাজ ফিনসার্ভ। তার শেয়ারের দাম বেড়েছে ৪.৬৩ শতাংশ। এছাড়া হিন্ডালকো, লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা মোটর্স, কোল ইন্ডিয়া, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ওএনজিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ২.৪ থেকে ৪.৫ শতাংশ।
অন্যদিকে এইচডিএফসি লাইফ, ডক্টর রেড্ডিস ল্যাব, জেএসডব্লু স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস, আইটিসি, নেসলে ইন্ডিয়া এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমেছে।