
শেষ আপডেট: 6 April 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: দুরপাল্লার ট্রেনে যাত্রী সুরক্ষা, এবং স্বাচ্ছন্দ্যের কথা ভেবে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দিয়েছে রেল। হামেশাই অভিযোগ ওঠে অপরিষ্কার চাদর, তোয়ালে, কম্বল দেওয়ার। এবার চাদর বালিশ পরিষ্কার কিনা জানার জন্য দেওয়া থাকবে কিউআর কোড (QR code)। এমনটাই জানাল রেল (Indian Rail) কর্তৃপক্ষ।
সূত্রের খবর, দেশের একাধিক রেল স্টেশনে এই কিউআর কোডের ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনে এই কিউআর পরিষেবা চালু হয়ে গিয়েছে। যে ট্রেনগুলিতে কিউআর কোড পদ্ধতি চালু হয়েছে সেগুলি হল, মহাবোধি এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ক্রমশ সব দুরপাল্লার ট্রেনেই এই ব্যবস্থা চালু হবে।
কিন্তু কী জানা যাবে এই কিউআর কোড থেকে! আসলে এসি ট্রেনে গেলে চাদর, কম্বল, বালিশ দেওয়া হয়। এবার থেকে বেড রোল হাতে পেয়েই যাত্রীরা চেক করতে পারবেন যে, সেই বস্তুগুলো শেষবার কবে ধোয়া হয়েছে। বেড রোলের প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সেই তথ্য দেখা যাবে।
প্রসঙ্গত, ট্রেনের চাদর বালিশ পরিষ্কার নয় বলে যাত্রীদের অভিযোগ নতুন নয়। কখনও কম্বল অপরিষ্কার থাকে তো কখনও চাদরে ময়লা। সেকারণেই রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার অন্তত বেড রোলের পরিচ্ছন্নতা নিয়ে যাত্রী অভিযোগ মিটবে বলে আশা করা যায়।
মানুষের দুয়ারে পুরসভা! কলকাতায় নতুন পরিষেবা, বন্ধ হচ্ছে 'বিতর্কিত' ওয়েভার স্কিম