দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে অস্বস্তিকর পরাজয়ের পরে মাস দেড়েক কেটেছে। কংগ্রেস সভাপতির পদও ছেড়ে দিয়েছেন। এ বার কি তবে সাধারণ নাগরিকের এক জন হিসেবেই নিজেকে দেখতে বা দেখাতে চান রাহুল গান্ধী?
বুধবার দিল্লির এক মাল্টিপ্লেক্সে সাধারণ দর্শকাসনে বসেই সিনেমা দেখতে দেখা গেল রাহুলকে। সাদা টি শার্ট পরে পপকর্ন খেতে খেতে পাশের দর্শকের সঙ্গে গল্প করতেও দেখা গেল তাঁকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইনস্টাগ্রামের সেই ভিডিওতে পোস্ট হওয়ার পরে প্রশংসা করছেন নেটিজ়েনরা। কারণ, রাহুল মোটেই ভিআইপি-দের মতো হাবভাব করেননি।
রাহুল সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আর্টিকল ১৫’ দেখতে গেছিলেন মাল্টিপ্লেক্স পিভিআর চাণক্য-তে। গৌরব সোলাঙ্কির লেখা ও অনুভব সিনহার পরিচালনায় এই ছবিতে মুখ্য অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। ছবিটির ভিতে রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকল ১৫, যেখানে বলা হয়েছে ধর্ম, জাতি, লিঙ্গের বিচারে কোনওরকম বৈষম্য করা যাবে না। মূলত ২০১৪ সালের বদাউনের গণধর্ষণের ঘটনা-সহ কয়েকটি সত্য ঘটনার উপর ছবিটি তৈরি হয়েছে। প্রশংসিতও হয়েছে।
দেখুন সেই ভিডিও
https://www.instagram.com/p/BzhZktNnUsg/?utm_source=ig_web_copy_link
সিনেমা দেখতে দেখতে রীতিমতো পাশের দর্শকের সঙ্গে কথা বলতে দেখা গেছে রাহুলকে। পাশে কে ছিলেন, সেটা অবশ্য বোঝা যায়নি।
গত ২৩ মে ভোটের ফলাফল বেরোনোর পর ২৫ মে-ই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী। তখন অবশ্য তাঁকে নিরস্ত করতে পেরেছিল দল। কিন্তু বুধবার, ৩ জুলাই শেষমেশ তিনি দলের সর্বোচ্চ পদ ছেড়েই দেন। লোকসভায় মাত্র ৫২টি আসন পেয়ে লজ্জাজনক হারের মুখে পড়েছে কংগ্রেস। রাহুল নিজেও তাঁর বরাবরের নিরাপদ আসন অমেঠিতে বিজেপি-র স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরেছেন।