
শেষ আপডেট: 6 April 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো: নেপালে ঘুরতে যাবেন? তাহলে আপনার জন্য সুখবর। কেন্দ্রের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হল নেপাল সরকারের। শীঘ্রই নেপালে (Nepal) ভারতীয় পর্যটকরা গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করে লেনদেন করতে পারবেন। নগদ টাকা কাছে না থাকলেও সমস্যার সম্মুখীন হতে হবে না পর্যটকদের।
সূত্রের খবর, ভারত (India) ও নেপালের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। যাতে বলা হয়েছে, নেপালেও ভারতীয়রা ইউপিআই ব্যবহার করে টাকার লেনদেন করতে পারবেন।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ভারতে এলে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পার বলে মনে করা হচ্ছে।
ভারত এবং নেপালের অর্থমন্ত্রকের আধিকারিকরা আলোচনার মাধ্যমে দু'দেশের এই ডিজিটাল পেমেন্টের (digital payment) বিষয়টি চূড়ান্ত করেছেন। পর্যটকদের পাশাপাশি এই সমঝোতা চুক্তির পর ভারত ও নেপালের ব্যবসায়িক সম্পর্ক আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, এক বছর আগে, ভারত-নেপাল উভয় দেশই একটি প্রযুক্তিগত চুক্তিতে স্বাক্ষর করেছে। নেপালের তরফ থেকে গেটওয়ে পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং ভারতের তরফ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ডিজিটাল পেমেন্টের চুক্তি স্বাক্ষর করে। তারপর থেকে কাজ শুরু হয়। জানা গেছে, সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার অপেক্ষা।
লাদাখে গত তিন বছরে বিনিয়োগ করেনি কোনও সংস্থা, জম্মু-কাশ্মীরের ছবি কিন্তু আলাদা