দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান-২-এর তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি টুইট করে প্রকাশ করলো ইসরো। বুধবার তোলা ওই ছবি চন্দ্রপৃষ্ঠ থেকে ২৬৫০ কিমি উপর থেকে তোলা বলে জানিয়েছে ইসরো।
চন্দ্রযান-২-এর তোলা ওই ছবিতে চাঁদের উপরের দুটি গুরুত্বপূর্ণ জায়গা দেখা যাচ্ছে। একটি হলো অ্যাপোলো ক্রেটার ও অন্যটি হলো মেয়ার ওরিয়েন্টেল বেসিন। ৫৩৮ কিমি চওড়া ক্রেটারটি নাসার অ্যাপোলো মুন মিশনের নামে নামাঙ্কিত। মেয়ার ওরিয়েন্টাল কয়েক কোটি বছরের পুরনো ও সেটি ৯৫০ কিমি চওড়া।
চন্দ্রযান-২ চাঁদের দ্বিতীয় কক্ষপথে বুধবারই প্রবেশ করেছে। এই প্রবেশ কোনও কারণে অসফল হলে কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে চন্দ্রযান-২ মহাকাশের অতলে চলে যেত বলে ইসরো জানিয়েছে। এর পরের ধাপের কক্ষপথে যাওয়ার কথা আগামী ২৮ অগস্ট। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২-এর ল্যান্ড করার কথা আগামী ৭ সেপ্টেম্বর। সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পরে ভারতই হবে চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে রোভার নামাবে।
https://twitter.com/isro/status/1164535259561517058
গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। জিয়ো সিনক্রোনাইজড লঞ্চ ভেহিক্যাল থেকে বাহুবলী রকেটের পিঠে চড়ে চন্দ্রযান উড়ে যায় তিনটি অংশ— অরবিটর স্যাটেলাইট, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার নিয়ে। তিনটি অংশ মিলিয়ে ওজন ৩৮৫০ কেজি।
উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে হই হই করে ঢুকে পড়েছিল চন্দ্রযান-২। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এতদিন লাট্টুর মতো পৃথিবীর চারধারেই পাক খাচ্ছিল সে। ১৪ অগস্ট ভারতীয় সময় রাত ২টো ২১ মিনিট নাগাদ অভিকর্ষজ বলকে পিছনে ফেলে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে যায় চন্দ্রযান। ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে ঘোরার মধ্যে মোট ১৫টি ধাপে শক্তি বাড়ানো হবে। এই ভাবেই ধীরে ধীরে এগিয়ে দেওয়া হবে চাঁদের দিকে। তার পর সব শেষে চাঁদের মাটিতে নামবে বিক্রম ল্যান্ডার। ইসরো সূত্রে খবর, ১২০৩ সেকেন্ডের মধ্যে রকেটের লিকুইড চেম্বারের ইজেকশন হয়। চন্দ্রযান এখন সফল ভাবে চাঁদের পথে ‘লুনার ট্রান্সফার ট্রাজেক্টরি’-তে ঢুকে পড়েছে।