দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাজমহল দেখতে যাওয়ার সময় পাননি। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া তাজমহলে যাবেন বলে স্থির হয়ে আছে। সম্মানীত অতিথিদের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই পরিষ্কার করা হচ্ছে সেই সৌধ। তার নানা জায়গায় মাড প্যাক দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকেই পরিষ্কার করা হচ্ছে তাজমহলের ফোয়ারাগুলি। তাজমহলের ভিতরের রাস্তাগুলিও পরিষ্কার করা হচ্ছে। অনেক জায়গায় রং করা হয়েছে। একইসঙ্গে এদিন জল ছাড়া হয়েছে যমুনায়।
উত্তরপ্রদেশের পদস্থ অফিসার ধর্মেন্দ্র সিং ফোগত বলেন, যমুনার অবস্থার উন্নতির জন্য গনগনাহর থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল আগ্রায় পৌঁছবে ২১ ফেব্রুয়ারি বিকালে। ২৪ ফেব্রুয়ারি অবধি যাতে যমুনায় একটা নির্দিষ্ট পরিমাণ জল থাকে সেজন্য চেষ্টা করা হচ্ছে। উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার বলেন, যমুনায় বাড়তি জল থাকলে সাধারণত দুর্গন্ধ বেরোয়। কিন্তু জলের পরিমাণ বেশি থাকলে দুর্গন্ধ বেরোবে না।
তাঁর কথায়, “দূষণ নিয়ন্ত্রণের জন্য যদি ৫০০ কিউসেক জল ছাড়া হয়, তাহলে একটা প্রভাব তো পড়বেই। এর ফলে মথুরা ও আগ্রায় নদীর জলে অক্সিজেনের পরিমাণ বাড়বে। এর ফলে যমুনার জল হয়ে উঠবে পানের উপযুক্ত। তার দুর্গন্ধও কমবে।”
যমুনার জল পরিষ্কারের জন্য দীর্ঘকাল চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রী মথুর চতুর্বেদ পরিষদ। সেই সংগঠনের তরফে গোপেশ্বর নাথ চতুর্বেদি বলেন, বাড়তি জল ছাড়লে নদীর ওপরে প্রভাব পড়বে সামান্যই।