
শেষ আপডেট: 18 February 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্র। আগেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে এ ব্যাপারে আরও স্পষ্ট অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে খবর আছে অনেকের আধার লিঙ্ক কাটা হচ্ছে। জামালপুরের ৫০ জনের কাটা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় কাটা হচ্ছে, উত্তরবঙ্গ কাটা হচ্ছে।"
বাংলার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা না পান, তাই কেন্দ্র এই চক্রান্ত শুরু করেছে, অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "কোন অধিকারে তুমি জিজ্ঞাসা না করে আধার কার্ড কেড়ে নিচ্ছো?"
এরপরই বাংলার মানুষেক বরাভয় দিয়ে মুখ্যসচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এমন একটা পোর্টাল চালু করুন যাতে কারও আধার কার্ড বাতিল করা হলে তাঁরা যেন ওই পোর্টালে নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারে। আপনারাও ব্লকে ব্লকে নজর রাখুন।
একই সঙ্গে বাংলার মানুষের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "আধার কার্ড থাকুক আর না থাকুক আমি পরিষ্কার বলছি আমাদের কোনও স্কিম বন্ধ করব না। বাংলার মানুষকে বলছি আপনারা ভয় পাবেন না। বাংলার মানুষের কোনও স্কিম আমি বন্ধ করতে দেব না। যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তাঁরা যেন তৎক্ষণাৎ আমাদের জানায়।"
এনআরসি প্রশ্নেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "এনআরসি নয়, মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাই। এনআরসির নামে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।"
এরপরই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, "আমি যতদিন থাকব ততদিন আপনাদের উপর কোনও আঁচ আমি আসতে দেব না।"
মাস দেড়েক পরেই লোকসভা ভোট। ভোটের আগে বিজেপি নতুন করে জাতপাতের প্রসঙ্গ টেনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের পাশাপাশি এ ব্যাপারে মানুষকেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।