কমিশনের কথায়, ৯ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে নাম আসবে না। এতে ভয় বা আতঙ্কের কারণ নেই।

এসআইআর
শেষ আপডেট: 15 November 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশের সঙ্গে বাংলায় চলছে ভোটার তালিকার (Voter List SIR) নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছে। আগেই নির্বাচন কমিশন (ECI) ঘোষণা করেছিল ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে হবে। এখন কোনও কারণে যদি নির্ধারিত সময়ে সেই ফর্ম জমা দিতে না পারেন তাহলে কী হবে? আসন্ন বিধানসভা নির্বাচনে কি তাহলে ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে (SIR West Bengal)।
কমিশনের কথায়, ৯ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে নাম আসবে না। এতে ভয় বা আতঙ্কের কারণ নেই।
এবার ঘটনা হল, এই এক মাসে পর্যন্ত ফর্ম জমা করেনি বা নেননি, তিনি নথি জমা দিতে পারবেন। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি যে 'ক্লেইম অ্যান্ড অবজেকশন' পর্ব চলবে তখনও ফর্ম জমা করতে পারবেন, অবশ্যই সেক্ষেত্রে কেন এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি তার কারণ দর্শাতে হবে। এবং উপযুক্ত নথি দেখাতে হবে।
কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে সব কিছু ঠিকঠাক করলে তবেই তাঁর নাম ৭ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় চলে আসবে।
শুধু তাই নয়, কেউ যদি এই সময়ের মধ্যেও নথি জমা বা নাম তুলতে না যান, তাহলে কেবল আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। কারণ, ৭ ফেব্রুয়ারি যে তালিকা বেরোবে, সেটিই আগামী বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত তালিকা।
এখানে বলে রাখা ভাল, বছরের মধ্যে প্রায়ই 'কন্টিনিউয়াস রিভিশন প্রসেস' চলে। ভোটাররা তখনও ফর্ম ৬,৭, ৮ পূরণ করতে পারবেন।
কমিশনের তথ্য বলছে, শনিবার বিকেল চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal) এনুমারেশন ফর্ম (Enumeration) বিলি করা হয়েছে ৯৮.০৮ শতাংশ। সিইও দফতর (CEO Office) সূত্রে খবর, সোমবার থেকে ফিল-আপ করা ফর্ম সংগ্রহের কাজও শুরু হয়ে যাবে।
সিইও দফতর জানিয়েছে, মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) আগে আছে শুধু মধ্যপ্রদেশ (৯৮.৩৮ শতাংশ)। তারপর একে একে রয়েছে রাজস্থান (৯৭.৩২ শতাংশ), উত্তরপ্রদেশ (৯৪.৩৭ শতাংশ), তামিলনাড়ু (৯২.০৪ শতাংশ), কেরল (৮৭.৫৪ শতাংশ)। গোয়া এবং লক্ষদ্বীপে ১০০ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে বলে জানা গেছে।
তবে পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতিতে এই কাজ হয়নি বলেও ধরা পড়েছে কমিশনেরই একটি সাম্প্রতিক রিপোর্টে। সেইসব জায়গায় ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে।