তৃণমূল (TMC) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (TMC)।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবীর
শেষ আপডেট: 29 December 2025 21:23
দ্য ওয়াল ব্যুরো: কেউ চাইলে মন্দির-মসজিদ বানাতেই পারেন। তবে রাজনীতিতে থেকে তা করা উচিত নয়। তার জন্য আগে রাজনীতি ছাড়া দরকার। রোববারই হুমায়ুন কবীরের (Humayun Kabir) উদ্দেশে একপ্রকার উপদেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (TMC)।
সোমবার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন বললেন, "সে ক্ষেত্রে অভিষেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলুন তিনি যেন রাজনীতি ছেড়ে দেন। তাহলে হুমায়ুনও রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ নিয়ে থাকবে। আর আমার দল চলবে দলের মতো করে। দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব।" শুধু তাই নয়, হুমায়ুন জানিয়েছেন, "যদি ভবানীপুর থেকে অভিষেক প্রার্থী হন, তাহলে আমার দল প্রার্থী দেবে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ান, তাহলে দেবই।"
রোববারই একটি ভিডিও বার্তা দিয়ে ধর্ম-কর্ম নিয়ে বেশ কিছু কথা বলেন ভরতপুরের বিধায়ক (Bharatpur MLA)। যা আগাগোড়াই ছিল অভিষেকের উদ্দেশে। তিনি জানিয়েছিলেন, "পুরীর জগন্নাথ মন্দিরকে যে ভাবে দিঘাতে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), সেখানে গিয়েই ওঁকে ধর্মকর্ম নিয়ে থাকতে বলুন। উনি যদি তা করেন, আমি বাংলার (West Bengal) মানুষকে কথা দিচ্ছি, আমিও শুধু বাবরি মসজিদ নিয়ে থাকব। আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব।"
হুমায়ুনের বক্তব্য স্পষ্ট। তাঁর দাবি জনগণের করের টাকায় একের পর এক মন্দির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথধামও (Jagannath Dham) সে ভাবেই তৈরি। এ ছাড়া, দুর্গাপুজোর অনুদান, কার্নিভাল, শিলিগুড়িতে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন ইত্যাদির প্রসঙ্গ তুলে মমতা ও অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্যও অভিষেককে (Abhishek Banerjee) চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন। বলেছিলেন, অভিষেকের যদি সাহস থাকলে, জনসংযোগ থাকে, আত্মবিশ্বাস থাকে তাহলে যেন ২০২৬-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে লড়েন। ভবানীপুরে বা নন্দীগ্রামে। মানুষের কাছে অভিষেক ঠিক কতটা গ্রহণযোগ্য সেটা তখনই বোঝা যাবে।
যদিও তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) ভূয়সী প্রশংসা করেন হুমায়ুন। তবে এ কথাও জানান যে, ইদানিং তিনি রাজনীতির ময়দানে তাঁর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন।