
শেষ আপডেট: 19 November 2023 14:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। গোটা দেশ ফুটছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের উন্মাদনায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও সকাল থেকে রয়েছে ভিড়। এই আবহে পিছিয়ে নেই বাংলা। টিম ইন্ডিয়ার জন্য চারিদিকে চলছে প্রার্থনা, যজ্ঞ। বিরাট-রোহিত-শামিদের শুভকামনায় রবিবারের সকাল কাটে একেবারে অন্যরকম ভাবে।
শহরের অলি গলি সেজে উঠছে ভারতীয় টিমের খেলোয়াড়দের কাটআউট, পতাকা, জার্সিতে। কলকাতার শপিংমলগুলিতেও খেলা দেখার জন্য লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।
পিছিয়ে নেই জেলাগুলিও। বিশ্বকাপে ভারতের জয়ের জন্য দণ্ডি কেটে মানত করলেন পুরুলিয়ার এক ক্রিকেট প্রেমী । সাহেববাঁধ থেকে প্রায় দুই কিমি দূরে শহরের রাস্তা দিয়ে দণ্ডি কেটে চক বাজার কালী মন্দির পর্যন্ত এই যাত্রা করেন ওই যুবক। সেখানে ভারতের জয়ের কামনায় কালীমায়ের কাছে পুজো দিলেন ওই যুবক।
টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে নিজের গ্রামে মহাযজ্ঞ করলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। রবিবার সকালে করুমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রামের ক্রিকেট প্রেমীরা এদিন বিধায়কের মহাযজ্ঞে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এদিন ভারতের বিশ্বকাপ জয়ের কামনায় বাঁকুড়ার ঐতিহ্যবাহী ভৈরবস্থান মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। মন্ত্রী জানান, দেশের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।
২২ গজের বিশ্বযুদ্ধের জন্য দুর্গাপুরের অ্যাম্বিসেন্ড ক্লাবের সদস্যরাও মহাযজ্ঞের আয়োজন করেন। আসানসোলের মহিশীলাতে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশ্বকাপে ভারতীয় দলের জয় কামনা করা হয়।