
শেষ আপডেট: 15 February 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় (Kolkata) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালে চেতলার লকগেট বস্তিতে আচমকাই আগুন (Chetla Fire Broke out) লেগে যায়। জানা গেছে, ওই বস্তির তিনটি ঘর পুরো পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে এখনও পর্যন্ত দমকলের তিনটে ইঞ্জিন রয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, চেতলা লকগেট সংলগ্ন ১১৩ চেতলা রোডের বস্তিতে আগুন লেগেছে। সকাল ১০:১০ মিনিটে বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে দমকলে খবর দেওয়া হয়।
জানা গেছে, বস্তির তিনটি বাড়ির সর্বস্ব পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তারপর গ্যাস সিলিন্ডার ফেটে আরও বড় বিপর্যয় ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ পুরসভার তরফে দেখে নিয়ে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও তারা দেরি করে আসে।