
শেষ আপডেট: 18 July 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুৎ বিভ্রাটে জেরবার গ্রামের মানুষ। প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন তাঁরা। শুরু হয়েছিল জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধ ঘিরেই তুলকালাম কাণ্ড ঘটল মালদহের মানিকচকের এনায়েতপুরে। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘায়েল হয়েছেন মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ, পুলিশের গুলিতে দু'জন গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে নবান্ন।
স্থানীয় মানুষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চলছিল। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই গ্রামবাসীদের রোষের মুখে পড়েন পুলিশ কর্মীরা। অবরোধ তুলতে বলায় পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করেন এলাকার মানুষ। তারপরই শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে গ্রামবাসীরা। রক্তাক্ত হন মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ। তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। তাতে দুই গ্রামবাসী জখম হয়েছেন। পায়ে আঘাত লেগেছে তাঁদের। পুলিশ অবশ্য এব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় মালদহ জেলার পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, তিন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। আসেন মালদহ রেঞ্জের ডিআইজিও। ঘটনার পরই শুরু হয় ধরপাকড়। ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ । আগামীকাল শুক্রবার বাম-কংগ্রেস জোট ১২ ঘণ্টা মানিকচক বনধের ডাক দিয়েছে।
এলাকায় তীব্র উত্তেজনা থাকায় জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। মানিকচকের এই ঘটনা নিয়ে মালদহের এসপির কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। কোন পরিস্থিতিতে গুলি চালাতে হল নবান্নের তরফে তা বিশদে জানতে চাওয়া হয়েছে।