
নবান্নের সামনে পুলিশের জমায়েত। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 28 August 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের জমায়েত শুরু হচ্ছে বৃষ্টির মধ্যেই। অন্যদিকে পুলিশি প্রস্তুতিও তুঙ্গে। এসবের মাঝে সংশয় ঘনিয়েছে, হাওড়ার কোন কোন রাস্তা বন্ধ থাকবে। ইউজিসি নেট পরীক্ষার্থীরাই বা বন্ধ রাস্তায় আটকে গেলে কী করবেন।
এমনিতে মঙ্গলবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত হাওড়ার একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি, অটো এবং টোটো চলাচলের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। জরুরি পরিষেবার গাড়ি অর্থাৎ এলপিজি গ্যাস, আনাজপাতি, ফলমূল এবং দুধের গাড়ি ছাড় পাবে। বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘুরপথে নিয়ে যাওয়া হবে বলে হাওড়া কমিশনারেটের তরফে জানানো হয়েছে।
জানা গেছে, আলমপুরে উড়ালপুলের নীচে 'নো এন্ট্রি পয়েন্টে' সমস্ত পণ্যবাহী গাড়ি, অটো, টোটো আটকানো হবে, যাদের আন্দুল রোড, দ্বিতীয় হুগলির সেতু দিকে যাওয়ার কথা। বন্ধ রয়েছে মন্দিরতলার দিকে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্পও। কোনা ট্রাক টার্মিনাল (কলকাতার দিকে), কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু বরাবর হাওড়া শহরের দিকে যাবে না কোনও গাড়ি। সলপ মোড়ের কাছে এবং সলপ বাজারে রয়েছে ব্যারিকেড। কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসা হাওড়া এবং জিটি রোডমুখী গাড়িও ঘুরিয়ে দেওয়া হবে। নিবেদিতা সেতুর দিকে ২ নম্বর জাতীয় সড়ক এবং ১৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিংয়ে বন্ধ করা হয়েছে রাস্তা। জিটি রোড বরাবর বালির দিকে নিমতলা ক্রসিংও বন্ধ। বন্ধ থাকবে জিটি রোডের দিকে বালিখাল, বেনারস রোডের উপরে বামুনগাছি, হাওড়া-আমতা রোডের উপর আলামোহন দাস রোড, লিলুয়া স্টেশনের ফ্লাইওভার। এই রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি, অটো, টোটো চলবে না।
১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যে গাড়িগুলি আসছে এবং যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতার দিকে যাবে, সেগুলি নিবরা থেকে নিবেদিতা সেতু ধরে কলকাতার দিকে যেতে পারে। ডানকুনির দিকে আসা যে গাড়িগুলি কলকাতার দিকে যাবে, সেগুলি দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু ধরে বেরিয়ে যেতে পারে। কলকাতার দিক থেকে আসা যে গাড়িগুলি হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতু ধরত, সেগুলি জিটি রোড দিয়ে বেরিয়ে গিয়ে নিবেদিতা সেতু ধরে চলে যেতে পারে। কলকাতা থেকে আসা হাওড়া যাওয়ার গাড়িগুলি নিবেদিতা সেতু ধরে বেরিয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে ইউজিসি নেট পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনও অসুবিধা না হয়, তা নিয়ে তৎপর পুলিশ। আজ পরীক্ষার সিট পড়েছে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে, টিসিএস গীতবিতানে, হাওড়া ময়দানের মারিয়া ডে স্কুলে এবং ধূলাগড়ের ওমদয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। সকাল ৯টা থেকে বেলা ১২টা প্রথম শিফ্টের পরীক্ষা হবে, দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা।
পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য একাধিক কন্ট্রোল রুম খুলেছে পুলিশ।
লালবাজার কন্ট্রোল রুম: 22143024, 22143230, 22141310
ট্র্যাফিক কন্ট্রোল রুম: 22143644, 22427248
পোর্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24093109, 24099034
সাউথ ডিভিশন কন্ট্রোল রুম: 22837051, 22893783
ইস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24434040, 24439696
সেন্ট্রাল ডিভিশন কন্ট্রোল রুম: 22285209, 22280944
সাউথ-ওয়েস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24994700
সাউথ-ইস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 22904661
নর্থ ডিভিশন কন্ট্রোল রুম: 23606405, 23606417
হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন নম্বর: 26374761, 26374762, 26415614, 2640-4001