
শেষ আপডেট: 4 March 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজির অবস্থা আপাতত স্থিতিশীল। ভক্তদের স্বস্তি দিয়ে এ খবর জানালেন মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি।
গত বছর সেপ্টেম্বরের মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হলে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয় স্বামী স্মরণানন্দজিকে। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন। সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি জানান, কিছুদিন পর ফের তিনি অসুস্থ হলে পুনরায় পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। তারপর সেখান থেকে তাঁকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়।
তিনি বলেন, "গতকাল রাতের পর থেকে তাঁর অবস্থার উন্নতি হয়েছে, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা আশাবাদী হয়তো আগামীকালই তাকে ভেন্টিলেশন থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হতে পারে।" তিনি জানান, মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রেসিডেন্ট মহারাজের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পুস্পস্তবকও পাঠানো হয়েছে।