
শেষ আপডেট: 2 April 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: গরম পড়তেই জলের আকাল। পানীয় জলের দাবিতে পথে নামলেন হাওড়ার কালী কুণ্ডু লেনের বাসিন্দারা। শুরু হয় অবরোধ। পরে পুলিশ এসে বুঝিয়ে সুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ বালতি হাতে কালী কুণ্ডু লেন পেট্রোল পাম্পের সামনে অবরোধ করেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। বাসিন্দারা জানান, পুরসভার আধিকারিকরা এসে আশ্বাস না দিলে অবরোধ চালিয়ে যাবেন। এরপর হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র ও পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন।
রীতা মান্না নামে এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জলকষ্টে ভুগছেন। গরম পড়তে তা আরও বেড়ে গেছে। সরু সুতোর মতো জল পড়ছে। মাঝেমধ্যে জলে পোকাও আসছে। একেবারে পানের অযোগ্য জল বাধ্য হয়ে তাঁদের ব্যবহার করতে হচ্ছে। পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।
প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র সমস্যার কথা স্বীকার করে বলেন, “পুরসভার আধিকারিকদের সাথে কথা হয়েছে। আজ তাঁরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। খুব শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক করা যাবে।” পুরসভার পক্ষ থেকে জল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস পেয়ে মিনিট পনেরো পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। ততক্ষণে অবশ্য ব্যস্ত এই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।