ফেরি পরিষেবার এই সম্প্রসারণে দুর্গাপুজোর সময় কলকাতায় আসা দর্শনার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন এবং আনন্দময় মুহূর্তও উপভোগ করার সুযোগ পাবেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 September 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো উপলক্ষে হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি পরিষেবার (Ferry Services during Durga Puja) সময় বাড়তে চলেছে। পুজোর ক'টা দিন গভীর রাত পর্যন্ত চলবে হাওড়া-কলকাতা ফেরি। হুগলি নদী জলপথ পরিবহন সমিতির পরিচালক অজয় দে জানিয়েছেন, যতক্ষণ যাত্রীরা ফেরিঘাটে আসবেন ততক্ষণই লঞ্চ চালানো হবে।
প্রতিবছর গ্রামের বিভিন্ন এলাকার মানুষ রাতের কলকাতায় পুজো দেখতে ভিড় জমান। হাওড়া ছাড়াও হুগলি, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার মতো জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছান। যাতে তাঁরা দ্রুত এবং নিরাপদে পুজো মণ্ডপে পৌঁছাতে পারেন, সেই কথা মাথায় রেখেই সংস্থাটি এবার সময় বাড়িয়ে রাত ৮টার পরিবর্তে রাত ১২টা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ প্রয়োজনে লঞ্চগুলো রাতের পরেও চলতে পারে।
জানা গেছে, মোট ৮ টি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, গোলাবাড়ি এবং বাবুঘাট রুটে লঞ্চ পরিষেবা দেওয়া হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছয় দিন এই সুবিধা উপভোগ করবে পারবেন দর্শনার্থীরা।
অজয় দে বলেন, “শহর ও গ্রাম থেকে আসা দর্শনার্থীদের রাস্তার যানজট এড়িয়ে দ্রুত পুজো মণ্ডপে পৌঁছানোর সুবিধা দেওয়ার জন্যই মধ্যরাত পর্যন্ত লঞ্চ চালানো হচ্ছে।” পাশাপাশি, দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ায় লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
তাঁর মতে, ফেরি পরিষেবার এই সম্প্রসারণে দুর্গাপুজোর সময় কলকাতায় আসা দর্শনার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন এবং আনন্দময় মুহূর্তও উপভোগ করার সুযোগ পাবেন।