দমদমের দুর্গাপুজো প্রতি বছরই দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ (Dum Dum Durga Puja Pandal)। থিমের বৈচিত্র্য, আলোর ঝলকানি আর শিল্পীদের অসাধারণ সৃজনশীলতায় দমদমের প্যান্ডেলগুলোয় প্রচুর ভিড় হয়।
.jpg.webp)
দমদমের সেরা ৫ মণ্ডপ। ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 18 September 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: দমদমের দুর্গাপুজো প্রতি বছরই দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ (Dum Dum Durga Puja Pandal)। থিমের বৈচিত্র্য, আলোর ঝলকানি আর শিল্পীদের অসাধারণ সৃজনশীলতায় দমদমের প্যান্ডেলগুলোয় প্রচুর ভিড় হয়। প্রতিবছরই এখানে নতুনত্বের ছোঁয়া থাকে, কখনও সামাজিক বার্তা, কখনও পুরনো দিনের নস্টালজিয়া। সন্ধ্যার পর রঙিন আলোয় মণ্ডপ আর প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে। দর্শনার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার জন্য প্রশাসনও বিশেষ ব্যবস্থা নেয়। ফলে দমদমের দুর্গাপুজো শুধু পুজো নয়, উৎসবের আবহে গোটা এলাকা রঙিন হয়ে ওঠে। একনজরে দেখে নিন দমদমের সেরা পাঁচটি প্যান্ডেল (Dum Dum Durga Puja Pandal)।
দমদম পার্ক ভারত চক্র
দমদমের অন্যতম বারোয়ারি দুর্গাপুজো হল 'দমদম পার্ক ভারত চক্র'। এই বছর এই পুজো রজত জয়ন্তী উদযাপন করবে। আর এই ২৫তম বছরে মণ্ডপের থিম 'তন্মাত্র'। থিমের ভাবনা নিয়ে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেবীর চারপাশে তাঁর তন্মাত্র সবসময় বিরাজমান থাকে। তবে তা খালি চোখে দেখা যায় না। গভীর ভক্তি আর অন্তরের অনুভূতির মাধ্যমেই সেই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করা সম্ভব।
দমদম তরুণ দল
দমদমের এই বিখ্যাত পুজো মণ্ডপ দর্শনার্থীদের মধ্যে তাদের 'ছাপ' ফেলতে চায়। নিজেদের পরিচয়পত্র নাকি নিজেদের কর্মের দাগ– কোনটা আমাদের সত্যিকারের পরিচয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দমদম পার্ক তরুণ দলের এবারের থিম 'ছাপ'।
দক্ষিণ বেদিয়াপাড়া
দক্ষিণ দমদমের এই দুর্গোৎসব কমিটি এই বছর তাদের পুজোর ৩৫তম বর্ষ উদযাপন করছে। এবারের থিমে তারা বেছে নিয়েছে রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমর নৃত্যের আবহ। রাজপ্রাসাদের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ, যা দর্শকদের মুগ্ধ করবে। থিমের সঙ্গে মিল রেখে দেবী দুর্গা থাকছেন একেবারে রাজস্থানী সাজে। ঘাঘরা-চোলিতে সাজবেন মা দুর্গা, সঙ্গে লক্ষ্মী ও সরস্বতীও। এমনকি কার্তিক ও গণেশও পরবেন রাজস্থানি পোশাক।
সাতগাছির বিবেক সঙ্ঘ
সাতগাছির বিবেক সঙ্ঘের এ বছরের থিম 'বহ্নিশিখা'। অসংখ্য প্রদীপে আলোকিত হয়ে উঠবে মণ্ডপ, চারদিক আলোয় ভরে উঠবে। আলোর খেলায় দেবীর মুখ ঝলমল করবে। পুজো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই থিমের মাধ্যমে তাঁরা বোঝাতে চেয়েছেন মানুষের মনের ভিতরে যে অন্ধকার, সেই অসুররূপী মনোভাবের অবসান ঘটিয়ে সমাজকে আলোয় ভরিয়ে তুলতে হবে। প্রদীপের শিখা যেমন অন্ধকার দূর করে, তেমনই অন্তরের আলো মুছে দিতে পারে মনের সব ছায়া।
শ্রীভূমি
দমদমের প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি। এটি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত। এই বছর তাদের থিম 'নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির'।
নিউ জার্সির সেই মন্দিরের সাদা পাথরের মতোই নজর কাড়ে তার মহৎ প্রবেশদ্বার ও দু'পাশে দাঁড়িয়ে থাকা হাতির মূর্তি। তাদের পিঠের সোনালি কারুকার্য ঝলমল করে আলোয়, যেন এক রাজকীয় আভিজাত্যের ছটা। উদ্যোক্তাদের দাবি, শ্রীভূমির মণ্ডপেও ঠিক এই রাজসিক সৌন্দর্যকেই তুলে ধরা হবে, যাতে দর্শনার্থীরা নিউ জার্সির সেই মন্দিরের আবহ অনুভব করতে পারেন।