
শেষ আপডেট: 28 August 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বাঁশবেড়িয়ার যুবক সুরজ প্রসাদ। মঙ্গলবার গভীর রাতে বাড়ির লোক খবর পান গঙ্গায় ঝাঁপ দিয়েছেন তিনি। তারপর থেকেই গঙ্গাপারে গোটা পরিবার। কিন্তু দিনভর তল্লাশিতেও এখনও খোঁজ মেলেনি তাঁর।
ওই যুবকের খোঁজে বুধবার সারাদিন গঙ্গায় স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মগড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া কুন্ডুবাজার এলাকার বাসিন্দা সুরজ প্রসাদ মঙ্গলবার সন্ধায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িতে খবর আসে ঈশ্বর গুপ্ত সেতু থেকে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছেন।
যুবকের বাবা ওমশঙ্কর প্রসাদ বলেন, "কাজ থেকে ফিরে স্নান করে খেয়ে বলল বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কল্যাণীর দিকে গিয়েছিল। রাত আট সাড়ে আটটায় ফিরবে বলেছিল। কিন্তু ফিরছিল না। বেশি রাতে খবর পেলাম গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কেন বুঝতে পারছি না। এখনও ছেলের খোঁজ মেলেনি।"
যুবকের প্রতিবেশী সুরেশ সিং বলেন, "রাত এগারোটা নাগাদ আমরা খবর পেলাম। তারপর খুঁজেছি। পাইনি। এরপর মগরা থানায় জানাই। কী কারণে গঙ্গায় ঝাঁপ দিল, বুঝতে পারছি না। কেউ ধাক্কা মেরে ফেলে দিল কিনা সেটাও বুঝতে পারছি না। আমরা পুলিশকে জানিয়েছি সে কথা।"
বুধবার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিডবোট নামিয়ে তল্লাশি চালায়। মগড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনা কল্যাণীর দিকে হয়েছে। তাই যুবকের পরিবার সেখানেই অভিযোগ করেছে। তবে মগড়া থানা এলাকায় বাড়ি ওই যুবকের। তাই ঘটনা জানার পর এখানে একটি জেনারেল ডায়েরি করা হয়। বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও তল্লাশিতে নামানো হয়।