
শেষ আপডেট: 25 June 2024 13:44
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহকর্ত্রী। গ্রিল কেটে ঢুকে অন্য ঘরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ভোরবেলা ঘুম থেকে উঠতেই বিষয়টি নজরে আসে। তুমুল শোরগোল পড়ল উত্তরপাড়ায়।
উত্তরপাড়ার ভদ্রকালী শিমূলতলা এলাকায় জিটি রোডের উপর একটি আবাসনে সোমবার রাতে এই ঘটনা ঘটে। আবাসনের দোতলার বাসিন্দা রানু মুখোপাধ্যায় জানান, তিনি মেয়েকে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়েছিলেন।আরেকটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর। রানুদেবী ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গেলে দেখেন ভিতর থেকে বন্ধ। তিনি বলেন, "এরপরেই আমি কাঠের মিস্ত্রিকে খবর দেই। ঘরের বাইরে বেড়িয়েই আমার চোখ কপালে ওঠে। দেখি আলমারির লকার ভাঙা। সবকিছু ছড়ানো ছিটানো। প্রায় লক্ষাধিক টাকার গয়না ও অন্য জিনিস চুরি হয়েছে।"
এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাসিন্দারা। আবাসনের বাসিন্দা অরূপ মুখোপাধ্যায় বলেন,"বাসিন্দারা যদি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে না পারে আতঙ্কের মধ্যে থাকে, সেটা লজ্জার। উত্তরপাড়া থানার পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়।"
দু'দিন আগে উত্তরপাড়া জে কে স্ট্রিটে একাধিক দোকানের সামনে থাকা সিসি ক্যামেরা চুরি হয়। অসৎ উদ্দেশে রাস্তার সিসি ক্যামেরা চুরি করা হয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুলিশ তার তদন্তও শুরু করেছে। তারই মধ্যে আবাসনে চুরির ঘটনায় উদ্বিগ্ন উত্তরপাড়ার মানুষ।