
স্কুলে শতবর্ষে শোভাযাত্রা
শেষ আপডেট: 15 April 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একশো বছর আগে শুরু হয়েছিল পথচলা। চন্দননগরে নারী শিক্ষার প্রসারে মাত্র চল্লিশ জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল স্কুল। ভোলানাথ দাসের বাড়িতে সেই স্কুল চলত। হরিহর শেঠ সহ চন্দননগরের সে সময়ের বিশিষ্টজনদের সাহায্যে। পরে রাধিকালাল রক্ষিতের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়।
১৯২৬ সালে পয়লা বৈশাখ এই স্কুলের সূচনা হয়েছিল। সময়ের কালে অনেক ছাত্রী এই স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। খেলাধূলাতেও পারদর্শিতা দেখিয়েছেন। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয় তার কাজ করে চলেছে।আর সেই কাজ যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা। স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বর্তমান শিক্ষিকাদের মন খারাপ তাদের সহ শিক্ষিকাদের জন্য। যারা গত সাত আট বছর ধরে তাঁদের সঙ্গে কাজ করলেন, ছাত্রীদের যথার্থ শিক্ষা দিলেন, স্কুলের শতবর্ষের অনুষ্ঠান নিয়ে উৎসাহী ছিলেন অন্যদের মতোই। কিন্তু তাঁরা এখন আর স্কুলের কেউ নন।
স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল জানান, ২০১৬ প্যানেল থেকে পাঁচজন তাঁর স্কুলে এসেছিলেন। তার মধ্যে একজন আগেই চলে যান উৎসশ্রী নিয়ে। বাকি চারজনের চাকরি বাতিল হয়েছে। নবম দশমে পড়াতেন তিনজন। তাঁরা অংক ও বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। একজন শিক্ষিকা একাদশ দ্বাদশের হোম ম্যানেজমেন্ট পড়াতেন। তাঁর কথায়, "ওঁরা না থাকায় স্কুলের সায়েন্স বিভাগে সমস্যা দেখা দিয়েছে। কী করে চলবে জানা নেই। আমরা ভীষন অসুবিধার মধ্যে পড়েছি। স্কুলের স্বার্থে পড়ুয়াদের স্বার্থে ওরা যোগ্য বিচার পাক।"
লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের ছাত্রী শিক্ষিকাদের নিয়ে চন্দননগর মেরিপার্ক মাঠ থেকে শোভাযাত্রা চন্দননগর শহর ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়। উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী।সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে বিদ্যালয়ের শতবর্ষ।