
শেষ আপডেট: 5 November 2024 19:32
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুর সবসময় তাঁর কাছে ঘটনাবহুল। এর আগে ভোটের প্রচারে এসে সিঙ্গুরের দই খেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। সিঙ্গুরের পথে কলকারখানার চিমনির ধোঁয়া দেখেছিলেন। এবার সেই সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শোভাযাত্রায় হাতে ত্রিশূল নিয়ে পা মেলালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবে ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই দিন শোভাযাত্রা আয়োজিত হয়। সেই শোভাযাত্রায় মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্নার সাথে পা মেলান রচনা বন্দ্যোপাধ্যায়। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন সাংসদ। মাঝে ত্রিশুল হাতে হাঁটতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।
সাংসদ বলেন, "সবাই অনেক কিছু নিয়ে হাঁটছে । আমাকে বলল ত্রিশুল ধরতে, আমি ত্রিশুল ধরে হাঁটলাম । তাছাড়া জগদ্ধাত্রী পুজোর আগে কোনদিনও আসা হয়নি। এবারে এসে খুব ভাল লাগছে। সব কিছুর মাঝে সিঙ্গুর একটা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সঙ্গে থাকতে খুব ভাল লাগল।"
অন্যদিকে তাঁর সাংসদ এলাকায বলাগড়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। সে প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা মারা গেছে তাদের জন্য অবশ্যই আমরা দুঃখিত। তবে স্বাস্থ্য দফতরে লোক নেমেছে। আশা করি এই রোগ থেকে মুক্তি পাবে মানুষ এবং সুস্থ হয়ে সবাই বাড়ি ফিরে আসবে।"