
শেষ আপডেট: 28 February 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ইভটিজিং তাঁর চোখে পড়েনি। তবে সাদা গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা দিয়েছিল। এরপর ম্যাডামের কথাতেই বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করছিলেন তিনি। দাবি করলেন সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মা।
বললেন, একশো কিলোমিটার গতিবেগে ছুটছিল গাড়ি। নিয়ন্ত্রণ করতে না পারাতেই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "সাদা গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা মেরেছিল। তখনই সুতন্দ্রা সেই গাড়িকে ধরতে বলে। রাজদেও বারবার চেষ্টা করে এগিয়ে গিয়ে সেই গাড়ি থামাতে। কিন্তু পারেনি। পরে জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে পড়ে সাদা গাড়ি। তার পিছনে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।"
আগেই সুতন্দ্রার মা তনুশ্রী তাঁর মেয়ের মৃত্যুতে দুই গাড়ির সবাইকে দায়ী করেন। কিছু একটা গোপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন। বুধবারই তিনি বলেছিলেন "কে করছে কেন করছে বলতে পারব না। আমি কনফিউজড।"
এও বলেছিলেন, "আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে।আমার প্রশ্ন এর জোরে কেন চালাচ্ছিল।ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক। যে গাড়ির লোকই দোষী হোক তদন্ত করে পুলিশ বের করুক।"
সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মার স্বীকারোক্তিতে সেই রহস্যের অনেকটাই জট কাটবে বলে মনে করছে পুলিশ।