
প্রতীকী ছবি , গ্রাফিক্স আর্টিস্ট- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 19 October 2024 12:15
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: টোটো করে টিউশনে যাওয়ার পথে ক্লাস নাইনের দুই ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়াল আরামবাগে। টোটো থেকে তাদের নামিয়ে নেওয়ার জন্য রীতিমতো টানাটানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যাওয়ায় এলাকা ছাড়ে দুই যুবক।
শুক্রবার বিকেলে টিউশন পড়তে বেরিয়েছিল পারুল এলাকার বাসিন্দা ক্লাস নাইনের ওই দুই ছাত্রী। যে টোটোতে সওয়ার হয়েছিল তারা, সেই টোটোতে ওঠে ওই দুই যুবক। কিছুটা রাস্তা যাওয়ার পরেই তারা দুই ছাত্রীকে ভয় দেখাতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পরে দুই কিশোরী। এক ছাত্রী বলে, ‘আমাদের বলছিল তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে শ্লীলতাহানি করে দেব।’
এরপর টোটো থেকে তাদের নামতে না দিয়ে সোজা নিয়ে যায় চাঁদুর নিমতলার কাছে। সেখানে টোটো থামতেই চিৎকার চ্যাঁচামেচি শুরু করে দুজন। দুই কিশোরীকে পরিত্রাহী চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। বেগতিক দেখে এলাকা ছাড়ে ওই দুই যুবক। স্থানীয় লোকজনই খবর দেন আরামবাগ থানায়। পৌঁছয় পুলিশ ও আরামবাগ থানার মহিলা উইনার্স টিম। তাঁরাই দুই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেয়।
এটি অপহরণের চেষ্টা না অন্য কিছু, তা খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালানোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। বাড়ি পৌঁছেও আতঙ্কে রয়েছে দুই কিশোরী।