
শেষ আপডেট: 23 November 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন কৃষি বিপণন মন্ত্রী।
শুক্রবারই আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে টাস্কফোর্সের বৈঠক হয়। শনিবার হরিপাল পঞ্চায়েত সমিতিতে সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জী ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে-সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।
ভিন রাজ্যে আলু রফতানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরই আলুর দাম নিয়ন্ত্রণ করতে বৈঠক ডাকা হয়। হুগলি জেলার আলু মূলত কলকাতায় যায়। সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগ নেয় সরকার। মুখ্যমন্ত্রী দায়িত্ব দেন বেচারাম মান্নাকে। ভিনরাজ্যে আলু যাওয়ায় নিষেধাজ্ঞা জারি না হলেও আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দুদিন সময় দেওয়া হয়।
শনিবার হরিপালে সেই বিষয় নিয়ে বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, "২৭ টাকা কেজি বিক্রি হচ্ছিল জ্যোতি আলু। আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ টাকায় আলু দেওয়ার। সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে। ভিনরাজ্যে আলু যেমন যাচ্ছে যাবে। এখনও হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিকটন আলু মজুত আছে। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা বলেছে সরকার।আমার চাইছি ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকুক।"
কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, "আলুর দাম কমাতে টাস্কফোর্সের বৈঠক হয়েছে গতকাল। সেখানে মুখ্যসচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে। সেই মতো আজ বৈঠক হয়েছে। ব্যবসায়ীরা ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি করবে। সেই আলু কলকাতায় ৩০ টাকার মধ্যে পাওয়া যাবে। সুফল বাংলায় কলকাতায় আমরা ২৮ টাকায় আলু বিক্রি করব। আগামী সোম মঙ্গলবার থেকে এর এফেক্ট পাওয়া যাবে।"