
চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল ও বান্ধবীর মা-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 21 February 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চণ্ডীতলার পুলিশ আধিকারিক জয়ন্ত পালকে (Howrah IC) লক্ষ্য করে কে গুলি করেছিল তা এখনও স্পষ্ট নয় (Case Mystery)। ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে হুগলি জেলা পুলিশ । সমস্ত দিক খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। বারবার কথা বলা হচ্ছে এক তরুণীর সঙ্গে। ওই রাতে হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা ওই তরুণী পুলিশ আধিকারিক জয়ন্ত পালের (Jayant Pal) সঙ্গেই ছিলেন। ওই তরুণীর সঙ্গে পুলিশ আধিকারিকের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
শুক্রবার ওই তরুণীর প্রতিবেশীদের থেকে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে ওই তরুণী মেজো। উপরে দাদা ও নীচে বোন রয়েছে। তাঁর বাবা বাস চালক ছিলেন। ২০২২ সালে দক্ষিণেশ্বরে ওই তরুণীর বিয়ে হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই শ্বশুরবাড়ি থেকে চলে আসেন তিনি। এখন একটি বেসরকারি চাকরি করেন।
এদিন ওই তরুণীর মা জানান, ঘটনার দিন ওই পুলিশ অফিসারের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু তাঁর মেয়ের সঙ্গে ওই পুলিশ আধিকারিকের কী সম্পর্ক তা তাঁর জানা নেই। তিনি বলেন, "ওই রাতে আমার মেয়ে ওই পুলিশ অফিসারের সঙ্গে ছিল। মোট চারজন ছিল ওরা। গাড়িতে আসার সময় আচমকাই গুলি লাগে বলে শুনেছি। তবে আমার মেয়ে কাউকে খুন করতে যায়নি। ওই সময় ওখানে ছিল, এটুকুই।
এদিকে যে বেসরকারি হাসপাতালে ওই পুলিশ আধিকারিক ভর্তি রয়েছেন সেখানকার চিকিৎসক জানিয়েছেন এখন আগের থেকে সুস্থ আছেন ওই পুলিশ কর্মী। হাওড়ায় পেট্রোল পাম্পের সামনে গাড়ির মধ্যে হুগলির পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে দুই জেলাতেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার বান্ধবীকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। প্রায় ৩০ হাজার টাকার কেনাকাটাও করেন তাঁরা। তারপরে গাড়ি নিয়ে ফেরার সময় গুলিবিদ্ধ হন ওই পুলিশ আধিকারিক।