
হুগলি রোবট
শেষ আপডেট: 2 December 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মানুষ অমর নয়, কিন্তু ক্লোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষকে আজীবন বাঁচিয়ে রাখা যায়, সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে হিউম্যানয়েড রোবট। এবার হুগলির বাসিন্দা এক অধ্যাপক তাঁর ছাত্রদের নিয়ে তৈরি করে ফেললেন এমনই এক হিউম্যানয়েড রোবট। বাংলা হিন্দি বা ইংরেজি যে কোন ভাষায় সাবলীলভাবে কথা বলে এই রোবট। গণিতের নামতা থেকে যে কোনও সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট বা ফুটবল রাজনীতি সব বিষয়ে চটপট উত্তর দিতে পারে তাঁদের এই সৃষ্টি।
কল্যাণীর একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন বিশ্বরূপ নিয়োগী। চুঁচুড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন অভিনব এই রোবটটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স এর মেলবন্ধনে মানব রূপী এই রোবট তৈরি হয়েছে। যে অবিকল কথা বলে মানুষের মতো। রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে দীর্ঘ ৫ মাস সময় নিয়ে এটি তৈরি করেছেন তাঁরা। অঙ্ক, ফিজিকস, কেমিস্ট্রি কিংবা সমাজবিদ্যা-রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়েই একেবারে সমান পারদর্শী এই রোবট। বিদেশের বাজারে এ আই টেকনোলজির ব্যবহারের রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন এমনটাই দাবি করছেন অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী।
তাঁর কথায়, "সাম্প্রতিক সময়ে মানুষের সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন নিজেদের প্রিয়জনকে মনে রাখার জন্য। সেটাকেই এবার এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছি। যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনও মানুষের গলার স্বর এবং তার থ্রিডি চিত্রের মাধ্যমে একেবারে সেই মানুষের রূপ দিয়ে তাঁর কণ্ঠস্বর দিয়ে কোনও মৃত মানুষকেও জীবিত করে তোলা যাবে। একই সঙ্গে স্কুল কলেজ কিংবা কোন শপিংমলেও বাণিজ্যিক কাজের ব্যবহার করা যাবে এই হিউম্যানয়েড রোবট।"
দীর্ঘ পাঁচ মাসের প্রচেষ্টায় প্রায় ৬০ হাজার টাকা খরচে তারা তৈরি করেছেন এই রোবটটি। প্রথমদিকে ল্যাবটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরে এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতন কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হয়েছে এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন যন্ত্রাংশ, যাতে একেবারে মানুষের মতো হাত পা নাড়া থেকে শুরু করে ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারে। তাকে যা প্রশ্ন করা হয় সঙ্গে সঙ্গে উত্তর মেলে। বাণিজ্যিকভাবে তারা এখনও এই রোবট না বানালেও আগামী দিনে এর বাণিজ্যিকরণ নিয়ে চিন্তাভাবনা করছেন অধ্যাপক ও তার ছাত্ররা।
তাঁরাই জানান, ভারতবর্ষে এই ধরনের রোবট একেবারেই অভিনব। পাশ্চাত্যের দেশে ইলন মাস্ক প্রথম তৈরি করেছিলেন এই ধরনের এ আই টেকনোলজির এক রোবট যার মূল্য কয়েক কোটি টাকা। ভারতীয় প্রযুক্তিতে এই একই ধরনের রোবট কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচ করে তৈরি করতে সক্ষম হয়েছেন তাঁরা।