
হনুমান জয়ন্তীর মিছিল
শেষ আপডেট: 12 April 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লেজার গান থেকে আগুনের ফুলকি ছুটছে। কালার গান থেকে রঙ মশালের মতো ছড়িয়ে পড়ছে গেরুয়া আবির। ডিজের শব্দে পাশে দাঁড়িয়েও কথা শোনা দায়। হাতে হাতে অস্ত্র নিয়ে সেই ডিজের তালে চলছে নাচ। ডিজের তাণ্ডব বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান জয়ন্তীতে ।
হনুমান জয়ন্তীতেও রামনবমীর ছবি বাঁশবেড়িয়া কলবাজারে। রামনবমীর মতো হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সামিল হতে দেখা গেল তৃণমূল বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বকে। পাশাপাশি দেখা গেল বিজেপি নেতাদেরও।
বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হয় প্রতিবছর। স্থানীয় ক্লাব ও হনুমান সেবা সমিতি জনকল্যাণ সংঘ এই শোভাযাত্রায় অংশ নেয়। হনুমান মন্দির থেকে এই শোভাযাত্রা বেরিয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরে আবার কলবাজারে শেষ হয়। এদিন শোভাযাত্রায় দেখা গেল সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তকে। তপনবাবুর বিধানসভা এলাকাতেই হয় এই শোভাযাত্রা। একাধিক তৃণমূল বিধায়ক রামনবমী পালন করেছেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে রামনবমীতে পুজো দিয়ে শোভাযাত্রায় হাঁটতে। সেই দলেই সামিল হলেন তপন দাশগুপ্ত।
এদিন তিনি বলেন, "উৎসব সবার। আজকের শোভাযাত্রায় হিন্দু মুসলিম সবাই হাঁটছে।এর মানে সর্ব ধর্মের একটা মিলন রয়েছে রাজ্যে। আমরা ইদেও থাকি। মহরমেও থাকি। রামবমীতেও থাকি। আবার হনুমান জয়ন্তীতেও থাকি।"
অস্ত্র নিয়ে শোভাযাত্রা প্রসঙ্গে তপনবাবু বলেন, "কিছু বাচ্চা ছেলে খেলনা পিস্তল নিয়ে বেরিয়েছে। টিনের তরোয়াল নিয়ে ঘুরছে। এগুলো সত্যি নয়। আমাদের পুলিশ প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে। ২৬ সালে শুধু সপ্তগ্রাম বিধানসভা নয়, জেলার ১৮ টি আসনেই জিতব।"