
সাজাপ্রাপ্ত শম্ভু বাগ
শেষ আপডেট: 22 March 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পথকুকুরকে (street dog) খাওয়ানোর ‘অপরাধে’ খুনের ঘটনায় দোষীকে ১০ বছরের কারাদণ্ড দিল হাওড়া আদালত(Howrah Verdict)। এই নজিরবিহীন রায়ে খুশি পশুপ্রেমীরা(animal lover)।
হাওড়া আদালতের ইতিহাসে এমন রায় এই প্রথম বলছে ওয়াকিবহাল মহল। শুক্রবার হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিনহা এক পশুপ্রেমীকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত শম্ভু বাগকে দশ বছরের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
সরকারি আইনজীবী ব্রজেন্দ্রনাথ শাসমল জানান, ২০১৪ সালের ২৫শে জুন হাওড়া বি গার্ডেন থানার দক্ষিণ বাকসাড়ার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বাণেশ্বর সাউ (৫৪) প্রতিদিনের মতো পথকুকুরদের খাবার দিচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী শম্ভু বাগ তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বানেশ্বরবাবু প্রতিবাদ করলে শম্ভু পিছন থেকে একটি কাঠের বাটাম জাতীয় বস্তু দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বানেশ্বরবাবু।
তড়িঘড়ি তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় মামলার প্রক্রিয়া। মামলায় মোট ১৫ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক শম্ভু বাগকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(১) ধারায় দোষী সাব্যস্ত করেন। রায় জেনে খুশি পশুপ্রেমীরা। অনেকেই বলছেন, অবলা জীবদের প্রতি হিংসাত্মক মানসিকতা রুখতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃতার ছেলে বাবাই সাউ বলেন, “এই রায়ে অবলা প্রাণীদের উপর নির্যাতন কমবে বলে আমি আশাবাদী। সমাজে নিশ্চয়ই ইতিবাচক বার্তা যাবে।”