
শিশু বদলের অভিযোগ
শেষ আপডেট: 26 June 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শিশু বদলের অভিযোগে শোরগোল পড়ল চন্দননগর হাসপাতালে। হাসপাতালের আইসিইউর ভিতরেই শিশু বদল হয় বলে দাবি।
বুধবার সকালে সাড়ে ন'টা নাগাদ প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন ঋতু রায় নামে এক প্রসূতি। দুপুর বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। প্রসূতির স্বামী বিশ্বজিত রায়ের দাবি, তাঁদের পুত্র সন্তান হয়েছে বলে জানানো হয়। তাঁকে সন্তানকে দেখানোও হয়। সেই অনুযায়ী স্বাক্ষরও করেন তিনি।
তিনি বলেন, "এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি কন্যা সন্তান নিয়ে এসে দেখানো হয় আমাকে। বলা হয় আমার কন্যা সন্তান হয়েছে। আমি নিশ্চিত স্বাস্থ্যকর্মীরা শিশু বদল করেছে। না হলে এই ধরনের ভুল হয় কী করে। আমাদের দাবি ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ।"এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ওই পরিবারের লোকজন। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
চন্দননগর হাসপাতাল সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন।হাসপাতাল সুপার বলেন, "ঘটনা শোনার পর নার্সিং সুপারের সঙ্গে কথা বলি। একটা সমস্যা হয়েছে। আগামী দিনে যাতে এরকম কিছু না হয় সেটা দেখতে হবে।"