
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 March 2025 12:43
দেবাশিস গুছাইত, হাওড়া
রাত তখন প্রায় সাড়ে ন'টা। ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে আচমকাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লেন এক ব্য়ক্তি। তার আগে প্রাণপণে চিৎকার করলেন, "মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।"
এমন দৃশ্য দেখে সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ার মানুষজন হতবাক হয়ে যান। ছোটাছুটি শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, ডোমজুড়ের জঙ্গলপুরের বাসিন্দা ওই ব্যক্তি। নাম প্রশান্ত সিংহ রানা। আদতে বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন। গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তাঁর মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। বারবার বলতে থাকেন কোনও মহিলা তাকে ধোঁকা দিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় শোরগোল পড়ে।
হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। প্রশান্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা।