
শেষ আপডেট: 7 October 2023 10:17
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) এ বারের স্লোগান ছিল, ‘ইস বার ১০০ পার’। শনিবার এশিয়ান গেমসে ১০০ পদক ছুঁয়ে ফেলল ভারত। শনিবার সকাল থেকেই সোনা আসছে ঘরে। জ্যোতি ভেন্নাম তিরন্দাজিতে সোনা জেতেন। ব্রোঞ্জ জেতেন অদিতি। তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগ থেকেই ভারতকে সোনা এনে দেন ওজাস দেওতালে। ওই একই ইভেন্টে রুপো পান অভিষেক বর্মা। ভারতের সোনার ছেলেমেয়েরা পদক যে আনবেন তা নিশ্চিতই ছিল। গতকাল পদকের সংখ্যা ছিল ৯৫। এদিন সকালেই তিরন্দাজি থেকে চারটি পদক আসে। ফলে ভারতের পদক সংখ্যা হয় ৯৯। এরপরে মহিলা কবাডি দলও জিতে নেয় সোনা। মহিলা কবাডি দলের হাত ধরেই ১০০ পদক জিতে নিল টিম ইন্ডিয়া।
১৯তম এশিয়ান গেমস থেকে ভারত ১০০ পদকের প্রত্যাশা পূর্ণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, "এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। ১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে। ১০ তারিখে এশিয়ান গেমস দলকে অভ্যর্থনা জানাব। আমাদের অ্যাথলিটদের সঙ্গে কথা বলব।"
A momentous achievement for India at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA
শুক্রবার ভারতের খেলোয়াড়েরা মোট ছ’টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। রিকার্ভ তিরন্দাজিতে মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ এসেছে। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন এইচএস প্রণয়। ব্রোঞ্জ এসেছে মহিলাদের সেপাকটাকরোয়। তিন কুস্তিগিরও ব্রোঞ্জ পেয়েছেন। পদক পেয়েছেন সোনম মালিক, কিরণ বিষ্ণোই এবং আমন সেহরাওয়াত। সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত এসেছে ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে ফাইনালে ভারত হারিয়েছে চাইনিজ তাইপেকে। ২৬-২৪ ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জিতল ভারত। আর্চারিতে পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দুই ভারতীয় মুখোমুখি হয়েছিল। সেখানে ওজেশ প্রবীণ দেওতলে হারিয়েছেন অভিষেক ভার্মাকে। ফাইনালে ওজেশের স্কোর ১৪৯ আর অভিষেকের স্কোর ১৪৭। এই বিভাগে সোনা জিতেছেন ওজেশ আর রুপো পেয়েছেন অভিষেক। একশো ছোঁয়ার পরে ভারতের সোনার সংখ্যা ২৫, রুপো ৩৫ এবং ব্রোঞ্জ ৪০।
এশিয়ান গেমসের এতদিনের ইতিহাসে ভারতের এককভাবে এত পদক পাওয়ার নজির নেই। সবদিক থেকে চিনের গুয়াংজু গেমস স্মরণীয় হয়ে থাকল। শনিবার যে ইভেন্টগুলি রয়েছে, তাতে বাকি নয়টি পদক আসবেই। কারণ সব ইভেন্টে হারলেও ব্রোঞ্জ কিংবা রুপো পাবেন ক্রীড়াবিদরা। সেটাই আশার কথা, গৌরবেরও।