
শেষ আপডেট: 17 August 2023 06:04
দ্য ওয়াল ব্যুরো: রতনবাবু ঘাট সংলগ্ন বাড়িগুলির পর বুধবার রাতে উত্তর কলকাতায় ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি (house collapse)। জানা গিয়েছে, পাথুরিয়াঘাটায় (Pathuriaghata) একটি পুরনো বাড়ি ভেঙে পড়েছে। পুরসভার তরফে ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। বুধবার বৃষ্টির পর হঠাৎই সেই বাড়ি ধসে পড়ে। ঘটনায় চাপা পড়ে মারা গিয়েছেন এক মহিলা। আহত এক নাবালক-সহ আরও দু’জন। আহতরা বর্তমানে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচতলা বাড়ির তিনতলার একটি অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ওই ধ্বংসস্তূপে নাবালক-সহ এক দম্পতি আটকে পড়েন। তড়িঘড়ি খবর যায় দমকলে। প্রায় রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে বাইরে আনা হয়। এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় এক মহিলার। বাকি দু’জন আপাতত কলকাতায় চিকিৎসাধীন। মহিলার স্বামীর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, ওই বাড়ির দেওয়ালে সতর্কতামূলক বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল আগেই। সেখানে বসবাস করতেও বারণ করা হয়েছিল। তারপরেও ওই বাড়িতে প্রায় ৩০-৪০ জন বাসিন্দা থাকছিলেন। এদিকে এই দুর্ঘটনার পর বাড়ির মালিকপক্ষ এবং পুরসভার উপর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “সপ্তাহখানেক আগেও এই বাড়ির একটি অংশ ধসে পড়েছিল। গত ২০ বছর বাড়িটির কোনও মেরামত কাজ হয়নি। বার বার বলেও কোনও কাজ হয়নি। মালিক বা পুরসভা কখনই কোনও পদক্ষেপ করেনি।”
কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, বৃহস্পতিবার শহরজুড়ে যানজটের আশঙ্কা! জানুন বিস্তারিত