এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশ্ন উঠছে, অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল জায়গাতেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে অন্যান্য ওয়ার্ডে রোগীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত?

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 5 August 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: অস্ত্রোপচারের পর প্রায় অচেতন রোগিণীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগে চাঞ্চল্য একবালপুরের এক বেসরকারি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে হাসপাতালের এক কর্মীকে (Hospital staff)। ধৃতের নাম আব্দুল সুভান।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর ৩৫-এর এক মহিলা রোগিণী। রবিবার তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার (Operation Theatre) সংলগ্ন কেবিনে রাখা হয় তাঁকে। তখন তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন।
অভিযোগ, সেই সময় রোগিণীকে অন্যত্র স্থানান্তর করার দায়িত্বে ছিলেন আব্দুল। সেই সময়েই রোগিণীর শরীরে একাধিকবার খারাপভাবে হাত দেন তিনি। প্রাথমিক ভাবে ধরেই নিয়েছিলেন রোগিণী কিছুই বুঝতে পারছেন না। কিন্তু ধীরে ধীরে সজ্ঞান হয়ে ওঠার পর রোগিণী বুঝতে পারেন তাঁর সঙ্গে কী ঘটেছে।
পরিবারের দাবি, ঘটনার পরেই রোগিণী কাঁদতে কাঁদতে পুরো বিষয়টি তাঁদের জানান। এরপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রোগিণীর বয়ান রেকর্ড করে তাঁরা। একই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। তদন্তে উঠে আসে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজেই স্পষ্ট ধরা পড়ে ঘটনাটি। তার পরেই অভিযুক্ত আব্দুল সুভানকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই জানান, “অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশ্ন উঠছে, অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল জায়গাতেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে অন্যান্য ওয়ার্ডে রোগীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত?
উল্লেখ্য, বছরখানেক আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় দাস। সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেই ঘটনার এক বছর না ঘুরতেই ফের হাসপাতালে শ্লীলতাহানির ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে শহরজুড়ে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি।