
ভ্যালেন্টাইন চপে মজেছে ব্যান্ডেল
শেষ আপডেট: 9 February 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়ে গেছে। এবার আবার ভ্যালেন্টাইন ডে'তেই সরস্বতী পুজো। তাই প্রেমের জোয়ারে রীতিমতো তুফান। তার আগেই অবশ্য ভ্যালেন্টাইন চপে মজেছে ব্যান্ডেল।
ব্যান্ডেল স্টেশন রোডে চপ বিক্রি করেন তপন সাহা ও জ্যোৎস্না সাহা। এই দম্পতির স্টলে হরেক চপের আয়োজন। তাতে আলুর চপ, চিকেন ভার্মিশালি, ডিমের ডেভিল, কাটলেট, মাছ ও মাংসের চপ যেমন আছে তেমনি এবার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি হয়েছে ভ্যালেন্টাইন চপ। সন্ধ্যায় চপের দোকান খুলতেই মৌমাছির মত ভিড় জমছে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তপন আর জ্যোৎস্না তৈরি করেছেন হার্ট শেপের ভেজিটেবল চপ। সেই চপের চাহিদা এখন তুঙ্গে। দশ টাকা দামের মুচমুচে হার্ট শেপের চপ খেয়ে উল্লসিত ক্রেতারা।
জ্যোৎস্না বলেন, "সবসময় নতুন কিছু করার জন্য ব্যস্ত হয়ে থাকেন তপন। চপে নানারকম কম্বিনেশন আনতে পছন্দ করেন। এবার ভ্যালেন্টাইন-ডে'র আগে নতুন কিছু করার কথা ভাবছিলেন। ভেজিটেবল চপ সাধারণত লম্বাটে বা চ্যাপ্টা আকারের হয়। সামনেই ভ্যালেন্টাইন ডে। হার্ট আকৃতির চপ তৈরি করলে কেমন হয়! এই ভেবে আমরা তৈরি করলাম হার্ট শেপের চপ। ভাল লেগেছে মানুষের।"
তপনবাবু জানালেন, বিট গাজর বিনস ক্যাপসিকাম বাদাম দিয়ে তৈরি করেছেন এই চপ। হার্ট লাল রঙের হয় এই চপ ভাঙলেও সেই লাল রঙ। ভালোবেসে বানানো এই চপ, তাই ভালোবাসার চপ। এই উদ্ভাবনের মাধ্যমে স্ত্রীর প্রতিও ভালবাসা জানালেন তিনি। বললেন, "দুজনে একসঙ্গে কাজ করছি। খাবার তৈরি করছি। দোকান চালাচ্ছি। তাই এই ভালবাসার চপ আমি ওকেই দিলাম।" জ্যোৎস্নার মুখে তখন রক্তাভা।
ভ্যালেন্টাইন ডে-তে খাবার প্ল্যান যাই হোক এবার আগে থেকেই ভ্যালেন্টাইন চপ কিন্তু দারুন উপভোগ করছে ব্যান্ডেলের বাসিন্দারা। ভ্যালেন্টাইন ডের আগেই এবার হিট সাহা দম্পতির ভালবাসার চপ।