অভিযোগের কেন্দ্রে রয়েছেন চুঁচুড়ার বাসিন্দা মৃন্ময় মজুমদার। পেশায় তিনি একজন আইনজীবী। স্থানীয় রাজনীতিতে তিনি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। জানা গেছে, একসময় তিনি তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।

অভিযুক্ত বিজেপি নেতা (ডানদিকে)
শেষ আপডেট: 6 January 2026 14:49
দ্য ওয়াল ব্যুরো: রাতের ট্রেনে (Train) যাঁরা নিয়মিত সফর করেন, তাঁরা জানেন এসি কোচের (AC Coach) বার্থে সাদা চাদর (White bedsheet) কতটা জরুরি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কামরার তাপমাত্রা যে জায়গায় পৌঁছয়, সেখানে ওই চাদর কার্যত অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু সেই প্রয়োজনীয় চাদরই কখনও কখনও ট্রেন থেকে নামার সময় ‘ভুল করে’ ব্যাগে ঢুকে পড়ে - এমন অভিযোগ নতুন নয়। এবার তেমনই এক অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কে জড়ালেন হুগলি জেলার (Hooghly) এক বিজেপি নেতা (BJP Leader)।
এসি ট্রেনের কোচ থেকে চাদর চুরির অভিযোগে অভিযুক্ত ওই নেতার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই (Viral Video) শুরু হয়েছে শোরগোল। শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ভিডিওটি শেয়ার করে বিজেপির বিরুদ্ধে কটাক্ষে নেমেছে। তাদের দাবি, এই ঘটনাই বিজেপির চরিত্র প্রকাশ করে দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন চুঁচুড়ার বাসিন্দা মৃন্ময় মজুমদার (Mrinmoy Majumder)। পেশায় তিনি একজন আইনজীবী। স্থানীয় রাজনীতিতে তিনি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। জানা গেছে, একসময় তিনি তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২১ সালে বিজেপিতে (BJP) যোগ দেন।
সূত্রের দাবি, হুল এক্সপ্রেসে করে সিউড়ি আদালতে যাচ্ছিলেন মৃন্ময় মজুমদার। অভিযোগ উঠেছে, নিজের গন্তব্যে নামার আগে তিনি এসি কোচের বার্থে ব্যবহৃত সাদা চাদরটি ব্যাগে ঢুকিয়ে নেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কোচের এক অ্যাটেনডেন্ট তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন। উত্তরে তাঁকে ‘সরি, সরি’ বলতে শোনা যায়।
ভিডিওতে অ্যাটেনডেন্টকে বলতে শোনা যায়, “আপনি টিকিট কেটেছেন মানেই চাদরটা ব্যাগে ভরে নেওয়া যায় না।” তিনি আরও জানান, এই ধরনের ঘটনায় তাঁদের ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। একই ভিডিওতে দেখা যায়, এক সহযাত্রী গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করতে শুরু করলে মৃন্ময় মজুমদার ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন। সেই যাত্রীকে বলতে শোনা যায়, “নিত্য যাত্রী হয়েও কীভাবে বেডশিট ব্যাগে ভরে নিলেন?”
ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে কটাক্ষ করে লেখেন, “বিজেপির নেতা ট্রেনের চাদর পর্যন্ত ছাড়ছেন না।”
পাশাপাশি বিজেপিকে ট্যাগ করে তৃণমূলের তরফে লেখা হয়, “একদিকে মোদী-শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরির অভিযোগ - এটাই বিজেপির রাজনীতি।”
Photo-ops with Modi and Suvendu on one hand, theft on the other. This is @BJP4India's politics.
The mask of the BJP’s so-called “sanskar” has fallen off inside a train coach. Instead of serving people, Hooghly BJP Legal Cell leader Mrinmoy Majumdar was allegedly caught stealing… pic.twitter.com/A4loz9TAKH— All India Trinamool Congress (@AITCofficial) January 6, 2026
তৃণমূলের দাবি, শুধু চাদর চুরির অভিযোগই নয়, কোচের অ্যাটেনডেন্টকেও হেনস্থা করা হয়েছে। যদিও এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।