
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 9 April 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: আগামী বুধবার, ১৭ এপ্রিল রামনবমী। ২০২৩ সালে এই রামনবমীকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল রাজ্যের একাধিক জায়গায়। সেই মামলার তদন্তভার হাতে নিয়ে বহুজনকে গ্রেফতারও করে এনআইএ। এ বছর তাই রামনবমী নিয়ে সতর্ক প্রশাসন। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পৌঁছে গেছে রামনবমী ইস্যু।
শ্রীরামপুরে রামনবমীর দিন মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জাতীয় হিন্দু পরিষদ। তাঁদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হিন্দু পরিষদের দাবি, পুলিশের কাছে এই মিছিলের অনুমতি চেয়েছিলেন তাঁরা কিন্তু সেই অনুমতি দেয়নি। আগামী শুক্রবার এই মামলায় শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে এবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। জরুরি পরিষেবা বাদ দিয়ে সরকারি এবং সরকার পোষিত সব প্রতিষ্ঠানে ছুটি থাকতে চলেছে আগামী ১৭ এপ্রিল।
গত বছর রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, রিষড়া ডালখোলার মতো এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আর্জির প্রেক্ষিতেই আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার তুলে দেয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত হিংসার ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করেছে।
এনআইএ তদন্ত নিয়ে বর্তমানে সরগরম রাজ্য। ভূপতিনগরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপি সরকারের আঁতাতের অভিযোগ করেছে তৃণমূল। রামনবমীর আগে এনআইএ-র অতিসক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুরুলিয়ার জনসভা থেকে তিনি কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেছিলেন, আবার রামনবমী আসছে, দেখা যাবে একটা চকোলেট বোমা পড়লেও এনআই-কে ঢুকিয়ে দেবে।