
শেষ আপডেট: 16 February 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি। চালক, শিক্ষক সহ আহত হয়েছে পরীক্ষার্থীরাও। গুরুতর জখম হয়েছে গাড়িতে থাকা ৪ পড়ুয়া। গোপীবল্লভপুর ২ ব্লকের বাহারুনা জঙ্গল এলাকায় ৯ নম্বর রাজ্য সড়ক ধরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে পরীক্ষার্থীদের গাড়িটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবনি ব্লকের চিঁচড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া হাইস্কুলে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে একটি ওমিনি গাড়িতে চড়ে গোপীবল্লভপুরে ফিরছিল পরীক্ষার্থীরা। সঙ্গে এক শিক্ষকও ছিলেন।
৯ নম্বর রাজ্য সড়ক ধরে আসার সময় বাহারুনা জঙ্গলের কাছে ছাত্রছাত্রীদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি। পড়ুয়াদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। গাড়ির ভিতরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে কাছের তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে আহত পরীক্ষার্থী, গাড়ির চালক ও শিক্ষককে রেফার করা হয় ঝাড়গ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটি পাকড়াও করে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।