
শেষ আপডেট: 15 January 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: আদালত অবমাননার মামলায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার সুবীর মৈত্র সোমবার আদালতে উপস্থিত হননি। তারপর তাঁর বিরুদ্ধে ওই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ।
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন রেজিস্ট্রার সুবীর মৈত্র। আপাতত তাঁকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
অবসরকালীন বয়স সংক্রান্ত ওই মামলায় সোমবার রেজিস্ট্রারকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি হাজির হতে পারেননি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশের পাশাপাশি বিচারপতি চন্দ এও জানিয়ে দেন, সুবীর মৈত্রকে রেজিস্ট্রারের পদ থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। তা ছাড়া আদালতে মামলা করার জন্য কত টাকা খরচ হয়েছে তা অডিট করে দেখতে হবে।
অবসরকালীন বয়সের সমসসীমা নির্ধারণের দাবিতে মোট চারটি মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের দাবি, তাঁদের অধ্যাপক হিসাবে গণ্য করে বয়সের সময়সীমা নির্ধারণ করতে হবে। সেই মামলাই এতদূর গড়িয়েছে।
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন রেজিস্ট্রারের আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। তিনি দাবি করেন, আধিকারিকদের সশরীরে হাজিরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চ গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলেছে। এটা নিয়েই তাঁদের আপত্তি রয়েছে। এখন দেখার ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কী অবস্থান নেয়।