বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বরের মধ্যে মামলাকারীকে লিখিতভাবে জানাতে হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 December 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision) সংক্রান্ত প্রক্রিয়ায় ব্যবহৃত নথি নিয়ে জটিলতায় নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা। রাজ্যে প্রযোজ্য ১১টি নথির তালিকা সংশোধনের দাবিতে করা এই মামলায় নির্বাচন কমিশনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল আদালত।
বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বরের মধ্যে মামলাকারীকে লিখিতভাবে জানাতে হবে।
মামলাকারীর দাবি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bench) রায় অনুযায়ী ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল হয়েছে। ফলে ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটগুলিকে SIR প্রক্রিয়ায় বৈধ নথি হিসেবে গ্রহণ করা যায় কি না, তা পুনর্বিবেচনা করা জরুরি।
এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওবিসি সার্টিফিকেট যেন SIR-এর নথির তালিকায় গ্রাহ্য না হয়, সেই মর্মে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন আইনজীবী অরিজিৎ বক্সী। অভিযোগ, কমিশন ওই আবেদনের উপর কোনও পদক্ষেপ না করায় বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চের রায়ের আলোকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই কারণেই কমিশনকে নির্দিষ্ট সময় বেঁধে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলাকে ঘিরে রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।