
শেষ আপডেট: 25 April 2023 09:53
দ্য ওয়াল ব্যুরো: গত বছর শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো হেরিটেজ ভবন ভেঙে তৈরি হয়েছিল শাসকদলের শিক্ষাকর্মী সংগঠনের অফিস। এমন বিস্ফোরক অভিযোগ উঠতেই হস্তক্ষেপ করেছিল কলকাতা হাইকোর্ট। পাঁচ মাস বাদে এবার জোড়াসাঁকো (Jorasanko) ভবনের ভিতরের রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল উচ্চ আদালত (high court)।
আদালতের তরফে জানান হয়েছে, হেরিটেজ বিল্ডিং আবার আগের অবস্থায় ফেরাতে হবে। এমনকী লোগো সহ অন্যান্য সমস্ত কিছু সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই বিল্ডিং ভাঙার সমস্ত খরচ বহন করবে কলকাতা পুরসভা। আদালতের এই নির্দেশ কার্যকর করা হল কিনা সেই রিপোর্ট ৪৫ দিনের মধ্যে পুরসভাকে আদালতে জমা করতে হবে। এমনই নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জোড়াসাঁকোর হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে দেওয়ার অভিযোগে গতবছর ৩ নভেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি। মামলাকারী অভিযোগ, এই হেরিটেজ ভবনের দুটি ঘর ভেঙে রাজনৈতিক দলের অফিস (party office) ঘর হচ্ছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেই ঐতিহাসিক ঘর ভেঙে শিক্ষাকর্মী সংগঠন শিক্ষা বন্ধু সমিতির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকী সেখানে কবিগুরুর ছবি সরিয়ে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অবশেষে হাইকোর্ট সেই রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভেঙে পুরনো অবস্থায় ফেরানোর নির্দেশ দিল।
আইআইটি খড়্গপুরের ছাত্র মৃত্যুর মামলা: বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বিস্ফোরক দাবি