
গ্রাফিক্স, দ্য ওয়াল।
শেষ আপডেট: 30 April 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। একই দিনে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হিন্দু ধর্মসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
রাজ্যের আবেদন ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে পূর্ব মেদিনীপুরের দিঘায় যখন জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন দিঘার অদূরে কাঁথিতে সনাতনী সভা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।
মঙ্গলবার দুপুরে বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। তবে রাজ্যের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। ফলে বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী সভা করার ক্ষেত্রে আপাতত আইনি বাধা নেই বলেই মত বিশেষজ্ঞদের।
এর আগে একই দিনে কাঁথির এই সভা করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। তবে পুলিশের তরফে সাফ জানানো হয়, একই দিনে সভা করা যাবে না। এরপরই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে অনুমতিও দিয়েছে সিঙ্গল বেঞ্চ। আদালতের তরফে জানানো হয়, সভায় তিন হাজার জনের বেশি জমায়েত করা যাবে না। এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য।