
শেষ আপডেট: 22 February 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস-এর মতো পরীক্ষার ইন্টারভিউও। এই নিয়ে এবার বড় আশ্বাস মিলল কলকাতা হাইকোর্টের তরফে। মামলার দ্রুত শুনানি হবে বলে জানালেন প্রধান বিচারপতি।
পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ। বৃহস্পতিবার তিনি আদালতে বলেন, পিএসসিতে ৬ থেকে ৭ জন সদস্য থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র ২ জন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন।
পাশাপাশি তাঁর আরও বক্তব্য, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। যে কারণে ডব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। এছাড়া গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ পিএসসির থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি।
পিএসসি চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্য সরকারকে এই নিয়োগের ক্ষেত্রে গতি আনতে নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই সময়ে নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ তৈরি হয়েছিল। কিন্তু তাতে আখেরে লাভ হয়নি। এতদিনেও ওই পদে নিয়োগ হয়নি।