
শেষ আপডেট: 29 March 2023 09:15
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ভারতেও ধনীতম ব্যক্তিদের তালিকায় গৌতম আদানির পরেই নাম রয়েছে মুকেশ আম্বানির। মুম্বইয়ের কাম্বালা হিলে অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রাসাদোপম বাড়ি অ্যান্টিলিয়াতে (Antilia) স্ত্রী-পুত্র নিয়ে সুখের সংসার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের। ২৭ তলাবিশিষ্ট এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৬০০ জন পরিচারক-পরিচারিকা। মুকেশ আম্বানি নিজে অত্যন্ত সাদামাটা নিরামিষ খাবার খান। কিন্তু সেই রান্নার দায়িত্বে যে শেফরা (chef) রয়েছেন, তাঁদের বেতন জানলে চোখ কপালে উঠবে আমজনতার।
সূত্রের খবর, আম্বানি পরিবারের রান্নার দায়িত্বে থাকা শেফরা বার্ষিক ২৪ লক্ষ টাকা বেতন পান। অর্থাৎ, প্রতি মাসে তাঁদের বেতন ২ লক্ষ টাকা। মুকেশ আম্বানি নিজে অত্যন্ত ঘরোয়া এবং সাধারণ খাবার খেতে ভালবাসেন। তাঁর দিন শুরু হয় সকালে ১ গ্লাস পেঁপের রস, এবং ইডলি-সম্বর দিয়ে। মূলত নিরামিষ খাবার খান তিনি। দিনের অন্য সময় রুটি-তরকারি কিংবা ডাল-ভাতই তাঁর পছন্দ। মাঝেমাঝে স্ন্যাক্স হিসেবে পাপড়ি চাট খান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
তবে শুধু শেফরাই নন, অ্যান্টিলিয়ার সাফাইকর্মী, নিরাপত্তারক্ষী, এবং অন্য কর্মীরাও একই প্যাকেজের বেতন পান। সূত্রের খবর, আম্বানি পরিবারের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং স্মার্ট। লোভনীয় বেতনের পাশাপাশি আম্বানি পরিবারের তরফে তাঁদের স্বাস্থ্যবীমাও করে দেওয়া হয়েছে। এছাড়া তাঁদের সন্তানদের পড়াশোনার জন্যও আম্বানি পরিবারের তরফ থেকে ভাতা দেওয়া হয়। আরও শোনা গেছে, অ্যান্টিলিয়ার কর্মীদের সন্তানরা প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেন। প্রসঙ্গত, জেড-ক্যাটাগরির নিরাপত্তা পান মুকেশ আম্বানি। তাঁর বাড়িতে মোতায়েন থাকেন সিআরপিএফ জওয়ানরা। বিলাসবহুল বাড়িটিতে তাঁদের থাকার জন্য একটি নির্দিষ্ট তলা বরাদ্দ করা আছে।
কর্মচারীদের সঙ্গে কখনওই কোনও দুর্ব্যবহার করেন না এই ধনকুবের। শুধু তাই নয়, কেউ যদি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁকেও কড়া কথা শোনাতে পিছপা হন না। শোনা গিয়েছিল, একবার নাকি ছেলে আকাশ আম্বানিকে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখে ফেলেছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে নির্দেশ দেন তাঁর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বিশ্বখ্যাত ধনকুবেরের এই সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা।
প্রায় তিন দশক জেলে বন্দি ছিলেন ‘হনুমান’! এতদিনে মুক্তি, আনন্দে আত্মহারা ভক্তরা