বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে টানা বৃষ্টি নামছে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া
শেষ আপডেট: 20 August 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, উভয় জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম, সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টির দাপট বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং-সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই দুই দিনে মালদহ ও দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা। তাই শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।