
শেষ আপডেট: 30 May 2023 03:09
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতে বিজেপি বা আরএসএস মানেই নিরামিষ। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দফতরে আমিষ ঢোকে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে জগৎপ্রকাশ নাড্ডা বা মোহন ভাগবত— এঁরা সবাই নিরামিশাষী। কিন্তু ঘটনা হল, নরেন্দ্র মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মনসুখ ভাই মাণ্ডবিয়া ডিম খান (Health Minister wants 4 boiled eggs)। তাও এক আধটা নয়। ইদানীং রোজ বিকেল ৫টায় নিয়ম করে ৪ টে ফুল বয়েলড ডিম খান তিনি। (সে কথা বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন)।
আরও পড়ুন: দেশের স্বাস্থ্যমন্ত্রী রোজ বিকেল ৫টায় ৪টি করে ডিম খান, তাও লিভারে ফ্যাট জিরো!
এহেন মনসুখ মাণ্ডবিয়া সোমবার কলকাতায় এসেছিলেন সরকার ও সংগঠনের কাজে। দুপুরে আইসিএমআরে গিয়ে কোভিডের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ কেমন হচ্ছে, তা দেখে আসেন। বিকেলে আসেন সল্টলেকে রাজ্য বিজেপির নতুন পার্টি অফিসে। তারপর বিকেল পাঁচটার আগেই জানিয়ে দেন, তাঁর কিন্তু চারটে ডিম (4 Boiled Eggs) লাগবে।
কলকাতায় বিজেপির পার্টি অফিস দলের দিল্লি অফিসের মতো নয়। বাংলা বিজেপির নেতারা সবাই মোদী-অমিত শাহর মতো নিরামিশাষীও নন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়-- এঁরা প্রত্যেকেই আমিষ খান। শুভেন্দুর তো ইলিশ বড়ই প্রিয়। এক সময়ে খাসির মাংস বেশ ভালবাসতেন। এখন কোলেস্টেরলের ভয়ে ছুঁয়ে দেখেন না। তবে কাঁথির বাজারে ভাল ইলিশ উঠলে তাঁর নাকে যেন গন্ধ চলে আসে।
অর্থাৎ বাংলার বিজেপি নেতা কর্মীদের অনেকেই পিওর ননভেজ ভালবাসেন বলেই মুরলীধর সেন স্ট্রিট বা সল্টলেকের পার্টি অফিসের ক্যান্টিনে মাছ, মাংস, ডিম সবই পাওয়া যায়। কিন্তু এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখন চারটে ডিম খাবার কথা বলেন, খোঁজ নিয়ে দেখা যায় ক্যান্টিনে ডিম বাড়ন্ত। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তখন সল্টলেকের পার্টি অফিসেই ছিলেন (Sukanta Majumdar Arranged 4 Eggs)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী খেতে চেয়েছেন বলে কথা। ওমনি ছোটাছুটি পড়ে যায় (BJP Party Office is in Rush)। তড়িঘড়ি চারটে ডিম সেদ্ধ আনা হয় সেক্টর ফাইভের একটা স্ট্রিট ফুডের দোকান থেকে। কিন্তু তাড়াহুড়ো করে আনতে গিয়ে দেখা যায়, ডিমগুলো হাফ বয়েলড হয়েছে। তাতে মুশকিলই হল। কারণ মন্ত্রী হাফ বয়েলড ডিম দেখে বিরক্ত হলেন। ফের পাঠানো হল আর এক জনকে। শেষমেশ তিনি নিয়ে এলেন ফুল বয়েলড ডিম। তবে এবার ঝুঁকি নেওয়া নয়। তাই ৮টা সেদ্ধ ডিম নিয়ে আসেন তিনি। তার থেকে চারটেই অবশ্য খেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বাকি চারটে কে খেয়েছে কে জানে!
‘রোজ খাও আন্ডে!’ ডিম খাওয়া নিয়ে অভিনব প্রচার, বই ছেপে বিলি হচ্ছে রাজ্যজুড়ে