বাংলাকে আর ভরসা নয়, নেই নিরাপত্তা! মেয়েকে দ্রুত ওড়িশা ফেরাতে সেখানকার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন দুর্গাপুরে নির্যাতিতার বাবা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 October 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে নির্যাতনের শিকার তরুণী। উঠেছে ধর্ষণের অভিযোগ। দ্রুত পশ্চিমবঙ্গ থেকে তাঁকে ওড়িশায় নিয়ে যেতে চান বাবা। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-র কাছে অনুরোধও করেছেন।
শনিবার ধর্ষণের খবর সামনে আসার পর থেকেই তুঙ্গে চর্চা। এনিয়ে নানা কথা এপর্যন্ত শোনা গেছে। তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এবিষয়ে রবিবার মুখ খুললেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, 'ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, যাতে মেয়েকে এখান থেকে ওড়িশায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গার উপর থেকে ভরসা উঠে গিয়েছে। ওকে মেরেও ফেলতে পারে।'
গত শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোতেই নির্যাতনের শিকার হন ওই ছাত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তবুও মেয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা কাটছে না তরুণীর বাবার। রবিবার তিনি বলেন, 'মেয়ে এখনও হাঁটতে পারছে না, পুরোপুরি বেডরেস্টে রয়েছে। মুখ্যমন্ত্রী, ডিজি, এসপি, জেলা শাসক- সকলে আমাদের পাশে আছেন, বারবার খোঁজ নিচ্ছেন। তবুও আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, যাতে মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।'
দুর্গাপুর নির্যাতনকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করতে আগেই বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নির্যাতিতা তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর সঙ্গেও ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। “তিনি সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন,” বলেন তিনি।
এদিকে, নির্যাতিতার বাবার অভিযোগ, 'রাত ১০টার সময় ওর বন্ধু ফোন করে জানায়, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ওর এক বন্ধু ওকে খেতে নিয়ে গিয়েছিল বাইরে। কিন্তু যখন দু’-তিন জন ঘিরে ধরে, ওর বন্ধুটি পালিয়ে যায়। রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই পর্যাপ্ত নয়। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।'